মুঠোফোনের জন্য স্কুলছাত্র খুন
ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় গত বুধবার রাতে হাসিবুর রহমান (১২) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মজনু নামের একজনকে গ্রেপ্তার করেছে।
হাসিবুর ভাদাইলের আবুল হোসেনের ছেলে এবং হাশেম ভূঁইয়া প্রি-ক্যাডেট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও হাসিবুরের পরিবার জানায়, বুধবার রাত আটটার দিকে হাসিবুর বাড়ির পাশের একটি দোকানে যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মুঠোফোনটি নিয়ে পালিয়ে যায়। উপস্থিত লোকজন দ্রুত শিশুটিকে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুরের বাবা আবুল হোসেন বলেন, ‘রাতে ছেলেকে বাড়ির পাশের একটি দোকানে পাঠিয়েছিলাম। এ সময় তার হাতে একটি দামি মুঠোফোন ছিল। সেটি নিতেই ছিনতাইকারীরা হত্যা করল।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যেই হাসিবুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।