মুঠোফোনের টাওয়ারে লোক নিয়োগের নামে প্রতারণা
রাজশাহীতে ১২ জানুয়ারি স্থানীয় একটি দৈনিকে বাংলালিংক মুঠোফোনের টাওয়ারের জন্য ৮৮ জন লোক নিয়োগের কথা বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিদের ঢাকায় নিয়োগদাতাদের পক্ষে জনৈক ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করার জন্য মুঠোফোন নম্বর (০১৯১১২৫১৯৩৭) দেওয়া হয়েছে।যোগাযোগ করতে বলা হয়েছে মৌচাক, মহাখালী, বাড্ডা, গুলশান, মালিবাগ ঢাকা-১২১৭ এই ঠিকানায়। বিভ্রান্তিকর এই ঠিকানা চিহ্নিত করতে না পেরে প্রার্থীরা এই মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে তাঁদের বিভিন্ন জায়গায় ডেকে নেওয়া হচ্ছে। কেউ কেউ নিয়োগপত্রও পেয়েছেন। নিয়োগপত্রে কথিত বাংলালিংক টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহাম্মদ ও বাংলালিংক নেটওয়ার্ক সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমানের স্বাক্ষর রয়েছে।এই বিজ্ঞাপন ও লোক নিয়োগের পুরো বিষয়টি ভুয়া ও প্রতারণা বলে দাবি করেছে বাংলালিংক কর্তৃপক্ষ। যোগাযোগ করা হলে বাংলালিংকের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা শেহজাদ এস হোসেইন প্রথম আলোকে বলেন, ‘এটি পুরোপুরি ভুয়া চক্রের কাজ। বাংলালিংকের পক্ষ থেকে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এ ধরনের বিভ্রান্তিমূলক খবর পেলেই কাছাকাছি কাস্টমার সেন্টারে গিয়ে তা যাচাই করে নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।’নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক প্রার্থী প্রথম আলোকে জানান, সম্প্রতি তাঁকে ঢাকার মধ্যবাড্ডা এলাকার একটি ঘরে ডেকে নেওয়া হয়। সেখানে একটি টেবিল ও দুটি চেয়ার রয়েছে। শাখা ব্যবস্থাপকের নাম হাবিবুর রহমান। সেখানে প্রার্থীদের একটি ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে। এরপর তাঁদের কাছ থেকে জামানত হিসেবে তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে। আর পুলিশি যাচাইয়ের (ভেরিফিকেশন) নামে রসিদ ছাড়াই নেওয়া হচ্ছে আরও ৫০০ টাকা করে। মোটরসাইকেলের জন্য প্রার্থীদের কাছে সরবরাহ করা ফরমে বাংলালিংকের লোগো ব্যবহার করা হয়েছে। ওপরে লেখা রয়েছে, বাংলালিংক ফোন টাওয়ার রোড ১১৩, হাউস জিএ-২২, গুলশান-২, ঢাকা-১২১২।তিনি আরও জানান, এভাবে টাকা নিয়ে ৩ ফেব্রুয়ারি কয়েকজনকে যোগদান করতে বলা হচ্ছে। যোগদানের আগেই মোটরসাইকেলের এক-তৃতীয়াংশ মূল্য বাবদ ৫২ হাজার টাকা করে প্রার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। পরে এই টাকা বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলে ওই শাখা থেকে প্রার্থীদের বলা হয়েছে।রাজশাহীর একজন প্রার্থী ১৭ জানুয়ারি নিয়োগপত্র পেয়েছেন। এর পর থেকে তিনি অনেকবার ওই দুজন ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোনে ফোন করেছেন। তাঁরা তাঁকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঁদের গুলশান কার্যালয়ের ঠিকানায় টাকা পাঠানোর জন্য পরামর্শ দিচ্ছেন।জানতে চাইলে কথিত বাংলালিংক নেটওয়ার্ক সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান তাঁর মুঠোফোনটি তাঁদের বাড্ডা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানকে ধরিয়ে দেন। হাবিবুর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠান অনেক দিন থেকেই চলছে। তবে এই নিয়োগ নতুন করে দেওয়া হচ্ছে। বাংলালিংক থেকে বলা হচ্ছে, তাদের এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই—এ কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘তারা হয়তো ভুল বলেছে।’