মুঠোফোনের টিকিট যাচ্ছে কালোবাজারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের মাধ্যমে কেটে নেওয়া আন্তনগর ট্রেনের বেশির ভাগ টিকিটই চলে যাচ্ছে কালোবাজারে। সপ্তাহের সাত দিনই এসব সিমকার্ড ব্যবহার করে কাটা হয় টিকিট। এ রকম মুঠোফোনের প্রায় সাড়ে ছয় হাজার সিম চিহ্নিত করার পর রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে সেগুলো বন্ধ (ব্লক) করে দেওয়া হয়েছে। এসব সিম দিয়ে আর টিকিট কাটা যাবে না। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম রেলস্টেশনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ শাহজাহান। তিনি টিকিট কালোবাজারির বিভিন্ন উপায় ও কারণ তুলে ধরেন। পাশাপাশি চট্টগ্রাম স্টেশনে টিকিট বিক্রিতে নজরদারি বাড়ানোর আশ্বাসও দেন। গত শুক্রবার সকালে টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার অভিযোগ এনে চট্টগ্রামের স্টেশন ব্যবস্থাপককে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন যাত্রীরা। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ রেলমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রীর নির্দেশেই চট্টগ্রাম আসেন মোহাম্মদ শাহজাহান। গতকাল অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শাহজাহানের সঙ্গে ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর প্রধান ফারুক আহমেদ। মোহাম্মদ শাহজাহান বলেন, যাত্রীবেশে লাইনে দাঁড়িয়ে কালোবাজারিরাই কাউন্টার থেকে টিকিট কেটে নেয়। এ ছাড়া অনলাইনের মাধ্যমে দূরবর্তী স্টেশন (রিমোর্ট কোটায়) থেকে কেটে নেওয়া টিকিটের বেশির ভাগ চলে যাচ্ছে কালোবাজারে। ঢাকার সাংবাদিকদের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, আন্তনগর ট্রেনের মোট টিকিটের ২৫ শতাংশ মুঠোফোনের মাধ্যমে বিক্রি হয়। অথচ সাধারণ ক্রেতারা এসব টিকিট পান না। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। মোহাম্মদ শাহজাহান বলেন, তিনি নিজেও চেষ্টা করে মুঠোফোনে টিকিট কাটতে পারেননি। পরে যে সফটওয়্যার-প্রতিষ্ঠান মুঠোফোনে টিকিট বিক্রির দায়িত্বে আছে, তাদের সহায়তা নেন। তারা অনুসন্ধান শেষে জানায়, দুটি মুঠোফোন কোম্পানির প্রায় সাড়ে ছয় হাজার সিমকার্ড ব্যবহার করে সপ্তাহে সাত দিন টিকিট কাটা হয়। কোনো সাধারণ যাত্রীর এক সপ্তাহে সাতবার টিকিটের প্রয়োজন হতে পারে না। এরপর ১৫ দিন আগে রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে ওই সাড়ে ছয় হাজার সিমকার্ড বন্ধ (ব্লক) করে দেওয়া হয়েছে। চলতি মার্চ মাসে পর্যবেক্ষণ শেষে আবারও কালোবাজারের কাজে ব্যবহূত এ ধরনের সিমকার্ড শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মোহাম্মদ শাহজাহান। কালোবাজারি চক্রের সঙ্গে রেলের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘টিকিট কালোবাজারির ত্রিমুখী কর্মকাণ্ডের সঙ্গে আমাদের দুয়েকজন সম্পৃক্ত নয়, এ কথা হলফ করে বলতে পারব না।’ কালোবাজারি বন্ধে কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে শাহজাহান বলেন, সকাল নয়টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে প্রথম দুই ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত দূরবর্তী স্টেশন থেকে অনলাইনের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টেশনে বেলা ১১টা পর্যন্ত টিকিট বিক্রির পর আসন খালি থাকলে অনলাইনে বিক্রি শুরু হবে। এ ছাড়া শিগগিরই ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিট ক্রয়ের ব্যবস্থার উদ্বোধন করা হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া গেছে। মুঠোফোনের জন্য বরাদ্দ থাকা ২৫ শতাংশ টিকিট থেকেই কিছু টিকিট এ ব্যবস্থায় বিক্রি হবে। মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রতিটি আন্তনগর ট্রেনে দু-একটি করে কোচসংখ্যা বাড়ানোর কাজ চলছে।চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শনের জন্য রেলওয়ে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের দুজন করে সদস্য নিয়ে একটি দল গঠনের নির্দেশ দেন অতিরিক্ত মহাপরিচালক।