সরকারি হাসপাতালের যে মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হয়, সেই মুঠোফোনের নম্বর এলাকায় ব্যাপকভাবে প্রচার করার জন্য সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের আবারও নির্দেশ দেওয়া হয়েছে। ৭ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘মুঠোফোনে স্বাস্থ্যসেবা, ৩০ দিনে সেবা নিলেন ১২ জন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হলো।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০১০ সালে প্রতিটি উপজেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে মুঠোফোন দেওয়া হয়েছে এবং ওই মুঠোফোনের নম্বর সর্বস্তরের মানুষের মধ্যে প্রচার করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত জনসাধারণ মুঠোফোনে স্বাস্থ্যসেবা সম্পর্কে জানে না। এমনকি জনপ্রতিনিধি, স্কুলশিক্ষক, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরাও এ ব্যাপারে ভালোভাবে জানেন না।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী প্রথম আলোকে বলেন, মুঠোফোন নম্বরটি বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার করার জন্য স্বাস্থ্য কর্মকর্তা নির্দেশ দিয়েছেন। তবে নম্বরটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার করার ব্যাপারে তাঁদের কিছু বলা হয়নি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক মুঠোফোনের নম্বরটি এলাকায় ব্যাপকভাবে প্রচার করতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘হাসপাতালে মুঠোফোনে স্বাস্থ্যসেবা দেওয়া হয়, এটা আমি এই প্রথম শুনলাম। আগে কোনো দিন স্বাস্থ্য কর্মকর্তা এ বিষয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় আলোচনা করেননি।’ তিনি আরও বলেন, মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে এলাকায় প্রচার করা হলে মানুষ উপকৃত হবে।