মুঠোফোনের মাধ্যমে ভবিষ্যৎ অর্থনীতি পরিবর্তনের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের মাধ্যমে ভবিষ্যৎ অর্থনীতির ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার করে শেষ হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এ পরিবর্তন অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে একমত হয়েছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, মুঠোফোন বিশেষজ্ঞ এবং মুঠোফোন অপারেটররা।গত বৃহস্পতিবার কংগ্রেসের শেষ দিনের একাধিক সেমিনারে এ প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। মুঠোফোনে অর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিসেবা নিয়ে আলোচনা করেন তাঁরা। এদিকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস সাংবাদিকদের বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়েন আছে। সেসব দূর করতে ভারতের মতো বাংলাদেশেও ডিপার্টমেন্ট অব টেলিকম (ডট) নামের নতুন সংস্থা চালুর উদ্যোগ নেবে সরকার। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) রাজস্ব অর্জনকেই তাদের সাফল্য মনে করছে উল্লেখ করে সচিব আরও বলেন, অপারেটর ও সরকারের মধ্যে সম্পর্কের উন্নতি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই নিয়ন্ত্রক সংস্থার মূল কাজ। কিন্তু বিটিআরসির বর্তমান বিভিন্ন কর্মকাণ্ডে অপারেটর ও সরকারের মধ্যে নানা সমস্যা তৈরি হচ্ছে। অপারেটরদের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করার জন্যই ডিপার্টমেন্ট অব টেলিকম সৃষ্টি করা হবে বলে জানান তিনি। এ ছাড়া বাংলাদেশে প্রযুক্তির পরিবর্তন আনতে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) লাইসেন্স দেওয়ার সময় আরও এক নতুন অপারেটরকে বাজারে আসার সুযোগ দেওয়া হবে বলে জানান সুনীল কান্তি বোস।অন্য একটি সেমিনারে টেলিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিন স্কোজেন লোন্ড বলেন, মুঠোফোনে অর্থসেবা দিয়ে আগামী অর্থবছরে এশিয়া থেকে ১০ শতাংশ রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে মুঠোফোন কোম্পানি টেলিনর। তিনি বলেন, মোবাইল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে এশিয়ার মানুষের আর্থিক লেনদেন অবকাঠামো উন্নয়ন সম্ভব। তিনি জানান, ২০০৯ সালে পাকিস্তানে তামির মাইক্রোফিন্যান্স ব্যাংকের সঙ্গে চালু করা ‘ইজি-পয়সা’সেবা এ পর্যন্ত ৭০০ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন করেছে। মুঠোফোনের ধারণা পাল্টে দিতে গত সোমবার ‘রিডিফাইনিং মোবাইল’ শীর্ষক স্লোগান দিয়ে স্পেনের বার্সেলোনা শহরে শুরু হয় জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২। এক হাজার ৪০০ স্টল ও ১৩০টি দেশের সরকারি প্রতিনিধি এ কংগ্রেসে অংশ নেন।