মুঠোফোনের রিচার্জে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মুঠোফোনের রিচার্জে বাড়তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গিয়েছে। গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন মুঠোফোনের দোকানে তাঁদের কাছ থেকে ১০ থেকে ৫০ টাকা রিফিলের ক্ষেত্রে এক টাকা থেকে শুরু করে ১০-২০ টাকা পর্যন্ত বাড়তি টাকা আদায় করা হচ্ছে। কোনো নিয়মকানুন মানা হচ্ছে না। মুঠোফোন রিচার্জ ব্যবসায়ীরা তাঁদের ১১ দফা দাবি আদায়ে ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে রিচার্জ করা বন্ধ রাখেন। কেন্দ্রীয় কমিটি দাবি আদায়ের লক্ষ্যে কাল ১৮ অক্টোবর থেকে চার দিনের জন্য সারা দেশে রিচার্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অন্যতম দাবি, প্রতি হাজারে রিচার্জের কমিশন ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা করতে হবে। বাড়তি টাকা আদায় সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আহ্বায়ক ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগ সত্য নয়। বিক্ষিপ্তভাবে দুই-এক জায়গায় কেউ হয়তো বেশি টাকা দাবি করছেন। এর সঙ্গে আমাদের সমিতির কোনো সম্পৃক্ততা নেই।’ আগ্রাবাদের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শফিক আহমেদ জানান, গত কয়েক দিন থেকেই মুঠোফোনের রিচার্জের দোকানে গিয়ে হয়রানি হতে হচ্ছে। রিচার্জের আগেই বাড়তি টাকা দাবি করেন।