মুদ্রণকাজের দরপত্রে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডের তিন ধরনের ওএমআর ফরম মুদ্রণকাজের দরপত্রে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওই অভিযোগ অস্বীকার করেছেন।দরপত্রে অংশ নেওয়া মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের পক্ষ থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিবের কাছে অনিয়মের লিখিত অভিযোগ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ডের সিস্টেম অ্যানালিস্টকে এর অনুলিপি দেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল বোর্ডের তিনটি মুদ্রণকাজের দরপত্র দাখিলের দিন ছিল। কাজগুলো হলো টপ কভার টাইপ ওএমআর ফরম, অবজেকটিভ টাইপ ওএমআর ফরম এবং প্র্যাকটিক্যাল টাইপ ওএমআর ফরম। দরপত্রে মোট চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে বাংলাদেশ মনোস্পুল ম্যানুফ্যাকচারার কোম্পানি, এলিট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি, মাস্টার সিমেক্স পেপার ও সনেক্স ইন্টারন্যাশনাল।এর মধ্যে টপ কভার টাইপ ওএমআর ফরম তৈরির কাজ পায় মনোস্পুল ম্যানুফ্যাকচারার কোম্পানি লিমিটেড এবং অবজেক্টিভ ও প্র্যাকটিক্যাল টাইপ ওএমআর ফরম তৈরির কাজ পায় সনেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দরপত্রের শর্ত ভঙ্গ করে সবচেয়ে কম দরদাতা হওয়ায় সনেক্স ইন্টারন্যাশনালকে অবজেক্টিভ ও প্র্যাকটিক্যাল টাইপ ওএমআর ফরম তৈরির কাজ দুটি দেওয়া হয়েছে। মাস্টার সিমেক্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হযরত বলেন, দরপত্রের শর্ত ছিল, দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজ করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সনেক্স ইন্টারন্যাশনাল এ ধরনের কোনো সনদপত্র জমা দেয়নি। তাই দ্বিতীয় সবচেয়ে কম দরদাতা হিসেবে মাস্টার সিমেক্স ওই দুটি কাজ পাওয়ার দাবি করেছে। এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া জানান, সবচেয়ে কম দরদাতা হওয়ায় সনেক্স ইন্টারন্যাশনাল কাজ পেয়েছে। সাত সদস্যবিশিষ্ট দরপত্র বাছাই ও মূল্যায়ন কমিটি এই সংস্থাকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।