মুদ্রণের দরপত্র সংশোধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রণশিল্প সমিতির দাবির মুখে এবতেদায়ি ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্র সংশোধন করা হচ্ছে। দরপত্রে সংশোধন আনা হলে ওয়েবমেশিন থাকা মুদ্রণকারীদের পাশাপাশি অন্যরাও সুযোগ পাবেন। এ জন্য দরপত্র বিক্রি ও জমা দেওয়ার সময় পেছানো হয়েছে।পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সোমবার (২ এপ্রিল) ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন সময় বাড়ানোর ফলে ১৬ এপ্রিল পর্যন্ত তা জমা দেওয়া যাবে। আর দরপত্র কেনা যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও মুদ্রণশিল্প সমিতির এক সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা দরপত্র সংশোধন হচ্ছে বলে জানান।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘সভায় দরপত্রের বিষয়ে মুদ্রণশিল্প সমিতি ও এনসিটিবির বক্তব্য শুনেছি। আমরা চাই, সবাই যেন দরপত্রে অংশ নিতে পারে। আবার বইয়ের গুণগত মানও ভালো চাই এবং নির্ধারিত সময়ে বই চাই। এ জন্য আমরা বিষয়গুলো পর্যালোচনা করেই শিগগিরই একটি সিদ্ধান্ত নেব।’শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান, এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম, তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, মুদ্রণশিল্প সমিতি বেশ কিছুদিন ধরে এবতেদায়ি ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য ওয়েবমেশিনের শর্তযুক্ত দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বানের দাবি করে আসছে। বিষয়টি নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতেও অভিযোগ করে। পরে সংসদীয় কমিটি আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্রের সুপারিশ করে। এমন পরিস্থিতিতে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় দরপত্র জমা ও কেনার সময় বাড়ানো হয়।