মুদ্রা দেখে যায় জানা

দেশে এখনো কবিরাজি ওষুধ তৈরির কাজে কড়ির ব্যবহার দেখা যায়। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গেলে কড়ির ব্যবহার নিয়ে একটি তথ্য আপনাকে অবাক করে দিতে পারে। আঠারো শতকের মাঝামাঝি সময়ে এই কড়ি ব্যবহৃত হতো মুদ্রা হিসেবে! সে সময় ৩২০ কড়ির মূল্যমান ছিল ১ আনা। আর ৫ হাজার ১২০ কড়ি ছিল ১ রৌপ্য মুদ্রার সমান। একাডেমির ভাস্কর গ্যালারিতে এমন অসংখ্য বিলুপ্ত মুদ্রা নিয়ে শুরু হয়েছে মুদ্রা প্রদর্শনী। চলবে শনিবার পর্যন্ত।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশি মুদ্রাসহ প্রদর্শনীতে স্থান পেয়েছে ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে ১৯৪৭ সালের দেশভাগ পর্যন্ত ব্যবহৃত প্রাচীন সব মুদ্রা। আবার দেশভাগের আগের ভারতবর্ষের প্রাদেশিক মুদ্রা যেমন আছে, তেমনি পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাওয়া দেশের মুদ্রা, মুঘল আমল, দ্বি/ত্রি ধাতুর পাশাপাশি ক্রমিক নম্বরের সব ডিজিট একই সংখ্যার মুদ্রা এবং হালের রঙিন মুদ্রা চোখে পড়ে প্রদর্শনীতে।
‘ভিন্ন প্রকৃতির মুদ্রা’ শিরোনামে প্রদর্শনীতে নিজের সংগ্রহে থাকা মুদ্রা নিয়ে এসেছেন বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সদস্য মো. রবিউল ইসলাম। ক্রস থেকে শুরু করে ব্রেসলেট, ডিঙিনৌকা, ডলফিন, প্যাঁচানো লোহার রড, ছুরির মতো মুদ্রার সংগ্রহ দেখা গেল তাঁর কাছে। রবিউল ইসলাম জানান, ক্রসের মতো দেখতে মুদ্রা তৈরি হতো ঢালাই তামা দিয়ে। এই মুদ্রার নাম ‘কাটাঙ্গা ক্রস’ বা হান্ডা। প্রাচীন জায়ারে (বর্তমানে কঙ্গো) বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই মুদ্রার ব্যবহার ছিল। সে সময় একটি ক্রস দিয়ে ১০ কেজি আটা ও ৫-৬টি মুরগি পাওয়া যেত। ব্রেসলেটের মতো মুদ্রা দেখিয়ে রবিউল ইসলাম আরও জানান, পঞ্চদশ থেকে ষোড়শ শতকে বর্তমানের ঘানা, নাইজেরিয়া, বেনিনে এই মুদ্রা দিয়ে দাস কেনাবেচা হতো। ফ্রান্স ও ইংল্যান্ডে তৈরি হওয়া এ রকম দুটি মুদ্রা দিয়ে একজন পুরুষ দাস কেনা যেত।
১৮৩৫ থেকে ১৯৪৭ সালের দেশভাগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকদের প্রবর্তন করা ইউনিফর্ম মুদ্রা নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন সুজয় সেন গুপ্তা। তামা, রুপা, কপার দিয়ে তৈরি এসব মুদ্রায় রয়েছে ভিন্ন ভিন্ন সময়ের ব্রিটিশ রাজা-রানির ছবি। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরুর পর থেকেই এই মুদ্রাগুলো ব্যবহার করা হতো। সুজয় সেন জানান, ব্রিটিশ এই মুদ্রার পাশাপাশি এ সময়ে ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক মুদ্রার প্রচলন ছিল। এই মুদ্রাগুলো এখন বিলুপ্ত হলেও এগুলোর মাধ্যমে একেক সময়ের ইতিহাস, সংস্কৃতিকে জানা যায়।
নিয়মিত ব্যবহৃত মুদ্রার পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন দেশের অদ্ভুত রকমের স্মারকমুদ্রা। এর মধ্যে রয়েছে ফিজি ও কুক আইল্যান্ডের উল্কাপিণ্ড দিয়ে তৈরি মুদ্রা, তাপের সংস্পর্শে রং পরিবর্তনশীল মুদ্রা, আইভরি কোস্টের হাতির দাঁতের মুদ্রা।
প্রদর্শনকারীরা জানান, বিলুপ্ত মুদ্রাগুলো তাঁরা সংগ্রহের আগে বিষয় নির্ধারণ করেন। পরে প্রাচীন মুদ্রা বিনিময়ের ওয়েবসাইট বা অনলাইনে মুদ্রাগুলো খোঁজেন। দেশে বা দেশের বাইরে যাদের কাছে এই মুদ্রাগুলো পাওয়া যায়, তাদের সঙ্গে যোগাযোগ করে কিনে নেওয়া হয়। ক্ষেত্রবিশেষে বিনিময় করা হয়। আর দেশে নতুন-পুরোনো টাকার ডিলারদের কাছ থেকে সংগ্রহ করা হয় বিশেষ বৈশিষ্ট্যের মুদ্রা।

ঢাকা ফোরামের আয়োজনে প্রদর্শনীতে মুদ্রা নিয়ে অংশগ্রহণ করেছেন ২২ জন সংগ্রাহক। ফোরামের সাধারণ সম্পাদক শাদ উর রহমান জানান, প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গার সংগ্রাহকেরা ইচ্ছা প্রকাশ করেন। এর মধ্যে যাঁদের সংগ্রহে থাকা মুদ্রা বিশেষ বৈশিষ্ট্যের কেবল তাঁদের মুদ্রাই প্রদর্শনীতে জায়গা পেয়েছে।
বড়দের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে ঢাকার ৭টি স্কুলের শিশু সংগ্রাহকদের মুদ্রাও। স্কলাস্টিকা স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বর্ণিল মূর্ছনার সংগ্রহে আছে প্রায় ১০টি দেশের প্রাচীন মুদ্রা। মূর্ছনার সংগ্রহে থাকা সিঙ্গাপুর, ইরাক, ব্রাজিল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার প্রাচীন মুদ্রা নিজের সন্তানদের দেখাচ্ছিলেন ধানমন্ডি থেকে আসা রোকেয়া আক্তার। শিশুদের নতুন কিছু দেখানোই আনন্দের বলে জানান তিনি।
আজিমপুর থেকে আসা আরিফুল ইসলামের কাছে এই প্রদর্শনী ইতিহাস জানার বড় একটি সুযোগ। এক কক্ষের মধ্যে নিজ অঞ্চলের জাতিসত্তা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের বিচিত্র সব জাতির ইতিহাস সহজেই জানা যায় মুদ্রা দেখে।