মুদ্রা পাচার মামলায় সাকা চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি মুদ্রা পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁর জামিন আবেদন বিবেচনা করতেও বলা হয়েছে।সাকা চৌধুরীর আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় পর্যন্ত এ মামলায় তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান সাকা চৌধুরী। আদালতে তাঁর পক্ষে আইনজীবী ফখরুল ইসলাম, শাহ মঞ্জুরুল হক, গাজী কামরুল ইসলাম সজল এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। উল্লেখ্য, ৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ধানমন্ডি থানায় সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, তিনি ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর হংকং থেকে ব্রিটেনে আড়াই লাখ মার্কিন ডলার ও এক লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে এ তথ্য গোপন করেছেন।