মুদ্রা সংকটের অছিলায় গছানো হচ্ছে নিম্নমানের চকলেট
রংপুরের বদরগঞ্জে এক টাকার ধাতব মুদ্রার সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা মুদ্রার বদলে ক্রেতাদের দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চকলেট দিচ্ছেন। এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ী ও চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। বিক্রি বেড়ে যাওয়ায় চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যবসায়ীদের নানা ধরনের উপঢৌকন দেওয়া হচ্ছে। নিম্নমানের এসব চকলেট খেয়ে সাধারণ মানুষ আমাশয়, ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন।জানা গেছে, ছয় মাস ধরে বদরগঞ্জসহ রংপুরের বিভিন্ন উপজেলায় মুদ্রার সংকট চলছে। স্থানীয় ব্যাংকগুলোতে ধরনা দিয়েও এক টাকার ধাতব মুদ্রা বা নোট পাওয়া যাচ্ছে না। এই সুযোগে ব্যবসায়ীরা এক টাকার মুদ্রার বদলে ‘সমমূল্যের’ একটি চকলেট দিচ্ছেন ক্রেতাদের। বাধ্য হয়ে ক্রেতারাও তা নিচ্ছেন।উপজেলার আমরুলবাড়ী গ্রামের কৃষক বরকত আলী (৩৫) বলেন, ‘বদরগঞ্জে প্রতিটি পান বিক্রি হয় দুই টাকায়। পান খেয়ে পাঁচ টাকার নোট বা মুদ্রা দিলে বিক্রেতা দুই টাকার নোটের সঙ্গে এক টাকার বদলে একটি চকলেট দেন।’ বালুয়াভাটা গ্রামের ব্যবসায়ী মোকছেদুল হক (৪৫) বলেন, ‘স্থানীয় সব খাবার ও ওষুধের দোকানে এক টাকার নোট না থাকায় এর পরিবর্তে নিম্নমানের চকলেট দেওয়া হয়। বাধ্য হয়ে সবাই তা নিচ্ছেনও।’কাপড় ব্যবসায়ী সোহেলরানা বলেন, ‘একটি প্যাকেটে ২০০ চকলেট থাকে। প্রতিটি প্যাকেটের দাম পড়ে প্রকারভেদে ৯০ থেকে ১২০ টাকা। কিন্তু এক টাকার মুদ্রার বিপরীতে অনেক ব্যবসায়ী ক্রেতাকে দিচ্ছেন একটি চকলেট। এতে ব্যবসায়ীরা পণ্য বা খাবার বিক্রি করে যেমন লাভবান হচ্ছেন, তেমনি প্রতিটি চকলেটের প্যাকেটেও বাড়তি ৮০-১১০ টাকা লাভ করছেন।’ জানতে চাইলে বদরগঞ্জ স্টেশন সড়কের হোটেল ব্যবসায়ী বাদশাহ ওসমানী বলেন, ‘অনেক ধরনা দিয়েও এক টাকার মুদ্রা ব্যাংকে পাওয়া যায় না। বাধ্য হয়ে মুদ্রার বদলে আমাদের চকলেট দিতে হয়।’ বিনা পরিশ্রমে ৮০-১১০ টাকা বাড়তি লাভ করার কথা স্বীকার করে তিনি বলেন, ‘চকলেটের কাটতি বেড়ে যাওয়ায় কোম্পানির লোকজন খুশি হয়ে ব্যবসায়ীদের টিভি, শার্ট, ক্যালেন্ডার, শাড়ি, গেঞ্জি, রেডিও এমনকি রেফ্রিজারেটর পর্যন্ত উপহার দিচ্ছেন।’নাম প্রকাশ না করার শর্তে চকলেট প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রথম আলোকে জানান, তিনি ২০০ চকলেটের প্রতিটি প্যাকেট ৯০ টাকায় বিক্রি করে কমিশন পান। চকলেট নিম্নমানের হলে সেটা তাঁদের দেখার বিষয় না। তবে অনেক প্রতিষ্ঠানের চকলেট দুর্গন্ধময় ও নিম্নমানের বলে তিনি স্বীকার করেছেন। লোহানীপাড়া গ্রামের কৃষক ইদ্রিস আলী (৩৮) মুদ্রার পরিবর্তে দোকানে দেওয়া চকলেট খেয়ে আমাশয় এবং লালদিঘি গ্রামের কলেজছাত্র আশরাফুল আলম (২১) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছিলেন বলে জানান। পৌর শহরের গৃহিণী লাবণী আখতার (৩২) বলেন, ‘খাবারের দোকানে দেওয়া দুর্গন্ধযুক্ত চকলেট খেয়ে কয়েকবার বমি করেছি।’ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘নিম্নমানের চকলেট খেলে পেটের পীড়া, ক্ষুধামন্দাসহ কিডনির সমস্যাও হতে পারে।’স্থানীয় একাধিক ব্যাংকের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক টাকার ধাতব মুদ্রা ভারতে পাচার হয়ে যাচ্ছে। এগুলো সেখানে গলিয়ে গলার চেন, নূপুর, আংটি, টিকলি ও চুড়ি তৈরি করা হচ্ছে। সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক এ টি এম রেজাউল করিম গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘এক টাকার মুদ্রা সরবরাহ না থাকায় আমাদের মানুষের কথা শুনতে হচ্ছে।’