মুদ্রার ইতিহাস নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন
প্রাচীন থেকে মধ্যযুগ এবং ঔপনিবেশিক থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা ভূখণ্ডের ধাতব মুদ্রার সচিত্র তথ্যসমৃদ্ধ কয়েনস ফ্রম বাংলাদেশ নামের একটি বই প্রকাশিত হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।বইটিতে মুদ্রায় ব্যবহূত প্রতীক ও চিত্রের মাধ্যমে আবহমান বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে খ্রিষ্টপূর্ব থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা ভূখণ্ডে প্রচলিত দুই শতাধিক মুদ্রার তথ্য রয়েছে বলে আয়োজকেরা জানান।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক প্রধান তথ্য কমিশনার এম জমির ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককাবে ও নিমফিয়ার প্রধান নির্বাহী করুণাংশু বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, ‘মুদ্রা শুধু ব্যবসায়িক কাজেই ব্যবহূত হয় না। এটি আমাদের সংস্কৃতি ও উত্তরাধিকারের অংশ। মুদ্রা অর্থনৈতিক মূল্য বহনের পাশাপাশি ওই সময়ের সংস্কৃতির চিত্রও তুলে ধরে।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক এ কে এম শাহনেওয়াজ ও বুলবুল আহমেদ বইটি লিখেছেন। বেসরকারি সংস্থা নিমফিয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় বইটি প্রকাশ করে। ইংরেজি ভাষায় প্রকাশিত বইটিতে এ অঞ্চলে প্রচলিত মুদ্রাকে তিনটি সময়কালে তুলে ধরা হয়েছে। প্রাচীনকাল, মধ্যযুগ (সুলতানি, আফগান, মোগল আমল এবং মুসলিম রাজত্বের অধীনে হিন্দু শাসন আমল) ও ঔপনিবেশিক থেকে আধুনিক কাল।আয়োজকেরা জানান, খ্রিষ্টপূর্ব ছয় শতক থেকে এ পর্যন্ত বাংলা জনপদে প্রচলিত মুদ্রার আকার-আকৃতি, ওজন, নকশা, নির্মাণশৈলী, ধাতব মানসহ প্রচলনের সময়কাল এবং অর্থব্যবস্থা-সম্পর্কিত তথ্য সাবলীল ও সরল ভাষায় বইটিতে তুলে ধরা রয়েছে। প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত প্রচলিত মুদ্রাগুলো তৈরি হয় স্বর্ণ, রৌপ্য, তামা বা নিকেল ধাতু দিয়ে। দেশ স্বাধীন হওয়ার পর চালু হয় অ্যালুমিনিয়ামের তৈরি মুদ্রা।