মুনসুরাবাদে হাত বাড়ালেই মাদক
যশোরের বেনাপোলে মাদক ব্যবসায়ীদের একাধিক এজেন্ট রয়েছে। এসএ পরিবহনের ফরিদপুর কাউন্টার থেকে ওই এজেন্টদের কাছে টাকা পাঠানো হয়। এরপর এজেন্টরা ভারত থেকে মাদক সংগ্রহ করে তা কুমড়া ও কাঁঠালের মধ্যে, বিভিন্ন আসবাবের মধ্যে, এমনকি ভাঙারি মালের ভেতর লুকিয়ে গাড়িতে করে পাঠিয়ে দেয়।এভাবেই মাদক আনার কৌশল বর্ণনা করেন নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের এক মাদক ব্যবসায়ী। উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে এই মুনসুরাবাদ গ্রামটির অবস্থান।সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হওয়ায় গ্রামটিতে মাদকসেবী ও বিক্রেতারা সহজেই আসা-যাওয়া করতে পারে। ভাঙ্গার পার্শ্ববর্তী এলাকাসহ ফরিদপুর শহর, মাদারীপুরের টেকেরহাট ও শিবচর এলাকা থেকে মাদকসেবীরা প্রতিদিন এ এলাকায় ভিড় জমায়। মুনসুরাবাদ মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কান্দির কালিয়ার মোড় পর্যন্ত এক কিলোমিটার অংশে মাদক বিক্রি ও সেবনের কাজ চলে। এলাকাবাসীর অভিযোগ, মুনসুরাবাদের আসাদ মাতুব্বর, বাবলু মোল্লা, প্রদীপ সাহা, ভিমের কান্দা গ্রামের মো. ইউসুফ ও মাঝিকান্দা গ্রামের মো. হায়দার আলী দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল, গাঁজা, হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছেন। তাঁরা সবাই মাদকের মামলায় একাধিকবার জেলও খেটেছেন। কিন্তু জেল থেকে বের হয়ে পুনরায় তাঁরা আগের পেশায় ফিরে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে মুনসুরাবাদে গণ্যমান্য ব্যক্তিরা মাদক ব্যবসায়ী আসাদ ও বাবলুকে নিয়ে সভা করেন। সভায় উভয়েই মাদকের ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কিছুদিন পরে তাঁরা আবার আগের পেশায় ফিরে যান। হামেরদী ইউপির চেয়ারম্যান ফারুক বলেন, মুনসুরাবাদ মাদকের কেন্দ্র হয়ে উঠেছে। মাস খানেক আগে প্রদীপকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। জেল থেকে বের হয়ে গোপনে সে আগের ব্যবসা চালাচ্ছে। অভিযোগের ব্যাপারে প্রদীপ সাহা বলেন, ‘দুই বছর আগে ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় আমার দুই বছরের সাজা হয়। সাজা ভোগ করে বের হয়ে আসার পর আমি একেবারে ফ্রেশ।’ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বলেন, আসাদ বর্তমানে জেল হাজতে। ইউসুফ পলাতক হলেও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, প্রদীপকে কিছুদিন আগে গ্রেপ্তার করে চালান দেওয়া হলেও বর্তমানে জামিনে রয়েছেন, বাবলু মোল্লা পলাতক।