আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
মুনাফা অর্জন বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হতে পারে না: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজহিতৈষী প্রতিষ্ঠান। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো মুনাফা অর্জন কখনোই এর লক্ষ্য হতে পারে না।’ রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ‘টিউশন ফি’ পুনর্নির্ধারণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। সমাবর্তন অনুষ্ঠানে ৭৪৭ ও ৮৪ ছাত্রছাত্রীকে যথাক্রমে স্নাতক (গ্রাজুয়েট) ও স্নাতকোত্তর (পোস্ট গ্রাজুয়েট) ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মিথিলা বড়ুয়া, মোহাম্মদ ইমরানুর রহমান মজুমদার ও মোহাম্মদ কামরুল আহসানকে খানবাহাদুর আহ্ছানুল্লাহ পদক দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলিকুজ্জমান আহমেদ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধকে অর্থবহ করতে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।রাষ্ট্রপতি নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন এবং তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা পালনে তাঁদের প্রতি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আইনের একটি খসড়া প্রস্তুত করেছে, যা বর্তমানে সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। এ আইনের মাধ্যমে শিক্ষার মান ও গুণ নিশ্চিত এবং উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।