মুনাফার অংশ কর্মচারীদের না দেওয়ায় শেভরনের বিরুদ্ধে রুল
শ্রম আইনের বিধান অনুসারে মুনাফার অংশবিশেষ কর্মচারী ও কর্মকর্তাদের না দেওয়ায় শেভরনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার এ রুল দেন।
শ্রমসচিব, বিদ্যুৎ ও জ্বালানিসচিব, প্রধান কারখানা পরিদর্শক, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান পেট্রোবাংলার চেয়ারম্যান, তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের ব্লক ১২ ও ১৩-সহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০০৬ সাল থেকে এখন পর্যন্ত শেভরন তাদের মুনাফার লভ্যাংশ তার শ্রমিক-কর্মচারীদের দেয়নি এবং শ্রম আইনের বিধানে মুনাফা দেওয়ার কথা থাকলেও এ আলোকে দেওয়া হয়নি দাবি করে শেভরনের ৫৩৯ জন শ্রমিক কর্মকর্তা-কর্মচারী রিট আবেদনটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর সাদাত। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আবির আব্বাস চৌধুরী ও আয়েশা আখতার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে ওমর সাদাত প্রথম আলোকে বলেন, শ্রম আইন ২৩৪ ধারা অনুসারে শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা মুনাফার লভ্যাংশ পাবেন। অথচ প্রতিষ্ঠানটি ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত আবেদনকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। শ্রম আইনের ২৩৬ ধারায় লভ্যাংশ না দিলে জরিমানা প্রদানের কথা রয়েছে। এ হিসেবে ২৩৬ ধারায় প্রয়োগের নির্দেশনা চেয়ে রিট করা হলে আদালত ওই রুল জারি করেন।