মুনাফার আশায় পতিত জমিতে উঠছে ঘরবাড়ি

নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের কয়েকজন শ্রমিক একটি পতিত জমির ওপর নতুন টিনের ঘর তৈরি করছেন। গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা গেল, গাছও লাগাচ্ছেন তাঁরা। জানতে চাইলে নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি ) হুসাইন আলম ও ফিরোজ মোল্লা বলেন, এ জায়গার মালিক ডুমুরতলা গ্রামের আবদুল মান্নান। তাঁর কথামতো এখানে নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। জমির পাশের একটি গাছে হোল্ডিং নম্বর-সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
দুর্গাপুর, ডুমুরতলাসহ বিভিন্ন এলাকার পতিত এবং ফসলি জমিতে নতুন নতুন বসতবাড়ি নির্মাণ শুরু হয়েছে। এ প্রবণতা সাম্প্রতিক।
পৌর ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, দুর্গাপুর-ডুমুরতলা মৌজার ৮৪৯ দাগে ৪৬ শতাংশ জমির মালিক আবদুল মান্নান। এক প্রশ্নের উত্তরে শ্রমিকেরা বলেন, শুনেছি এ জমির ওপর দিয়ে রেললাইন হবে। জমির মালিক বসবাস করবেন কি না জানি না।
ঢাকা-ভাঙ্গা-যশোর-কলকাতা ভায়া নড়াইল মহাসড়কের পাশাপাশি রেলপথ নির্মাণে নড়াইল অংশে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। লোহাগড়া এবং নড়াইল সদর উপজেলা ও পৌরসভার মৌজার জমিতে সীমানা নির্ধারণী পিলার বসানো হয়েছে। একশ্রেণির জমির মালিকেরা অধিক মুনাফা লাভের আশায় জমির শ্রেণি পরিবর্তন করে বসতবাড়ি নির্মাণ করছে। অনেকে কৌশল হিসেবে পাশের গাছ কিংবা ঘরের বেড়ায় পৌরসভা কর্তৃক হোল্ডিং নম্বরের প্লেটও লাগিয়ে রেখেছেন।
প্রতি শতাংশ ধানি জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার ৬৪১ টাকা। আর বাস্তু জমি বা বসতভিটা আছে এমন জমির মূল্য ২ লাখ ৪১ হাজার ৬৫৭ টাকা। সরকার অধিগ্রহণ করলে মৌজার দামের তিন গুণ টাকা জমির মালিক পাওয়ার বিধান রয়েছে। সে হিসেবে ধানি ও পতিত জমি বাস্তু জমি হিসেবে দেখালে প্রতি শতকে ৬ লাখ ১৮ হাজার টাকা করে বেশি নিতে পাবেন জমির মালিকেরা। এ আশায় একশ্রেণির জমির মালিকেরা তাঁদের পতিত এবং ধানি জমি শ্রেণি পরিবর্তন করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন হতে নড়াইল হয়ে যশোর বেনাপোল পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এ জন্য নড়াইল অংশে ২৮টি মৌজার ৪০৭ একর জমি অধিগ্রহণসহ সীমানা নির্ধারণসহ পিলার পোঁতা হয়।
ডুমুরতলা গ্রামের জামশেদ খানের ছেলে মফিজ খান একই মৌজার ৮০৭ দাগে ৫৮ শতাংশ ধানি জমির ওপর টিনশেড ঘর নির্মাণ করছেন। ঘরের চালায় কিছু নতুন পুরোনো টিন ব্যবহার করেছেন। শ্রমিক জাহিদ হোসেন বললেন, বাস্তু জমি হিসেবে দেখাতে পারলে অধিগ্রহণে অনেক বেশি টাকা পাওয়া যাবে। জমির পাশের একটি গাছে হোল্ডিং নম্বরের প্লেট টানিয়েছেন।
একই আশায় মৌজার ৮২০ দাগে ঘর তোলার কাজ চলছে। শ্রমিকেরা জানায় জমির মালিক মিজান খান। এভাবে রেলপথ নির্মাণ এলাকার বেশির ভাগ মৌজায় ঘর নির্মাণ শুরু হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মো. আইউব হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগ শোনার পর সরেজমিন গিয়ে রেলপথ নির্মাণের অধিগ্রহণ করা জমি-সংলগ্ন সাত থেকে আটটি বসতবাড়ি নির্মাণ করা হয়েছে দেখেছি।’
দুর্গাপুর গ্রামের বাসিন্দা নড়াইল পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর রজীবুল ইসলাম, দলিল লেখক আজিজুর রহমান, শাহীনসহ অনেকে অভিযোগ করেন, মফিজ খান ও আবদুল মান্নান চক্র টিটিসি ভবন নির্মাণে জমি অধিগ্রহণের সময় একইভাবে সরকারের কাছ থেকে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিয়েছিল। এই চক্র আবারও জেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাঁরা বলেন, মাটি দিয়ে জমি উঁচু না করে ডোবা জায়গায় ফাঁকা ফাঁকা করে অল্প খরচে ঘর তুলছে।
আবদুল মান্নান এবং মফিজ খানকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, কোনো জমির মালিক অবৈধ সুবিধা যাতে আদায় করতে না পারেন, সে জন্য আগেভাগেই রেলপথ সীমানা নির্ধারণী এলাকার অধিগ্রহণ করা জমির ভিডিও ফুটেজ তোলা হয়েছে। নতুন করে ঘর তোলা হলে সেটা ধরা পড়বে । এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।