আগামী ২০ জানুয়ারির মধ্যে মুনাফার ন্যায্য অংশ দেওয়ার দাবি জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করা শ্রমিকেরা। তা না হলে ২১ জানুয়ারি থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। গত রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্রমিকেরা এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর ইসলাম। এতে বলা হয়, সম্প্রতি খনি কর্তৃপক্ষ কোম্পানির মুনাফার একটি অংশ কিছু কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বণ্টন করেছে। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এক হাজার ২০০ ফুট গভীর থেকে যে শ্রমিকেরা কয়লা তুলছেন, তাঁদের কিছু দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, ভূগর্ভে কর্মরত ৮৫০ জন শ্রমিককে ১৭ জানুয়ারির মধ্যে মুনাফার ন্যায্য অংশ না দেওয়া হলে ১৮ জানুয়ারি ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হবে। ২০ জানুয়ারির মধ্যে না দেওয়া হলে ২১ জানুয়ারি তাঁরা কয়লা উত্তোলন বন্ধ করে দেবেন।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, লাভের একটি অংশ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের শ্রমিকদের মধ্যে বণ্টন করা হয়েছে। ভূগর্ভের শ্রমিকদের নিয়োগ দিয়েছে চীনের সিএমসি ও এক্সএমসি কনসোর্টিয়াম নামের দুটি কোম্পানি। এক কোম্পানির লাভের ভাগ কখনো অন্য কোম্পানির কেউ পান না। তার পরও মানবিক দিক বিবেচনায় ভূগর্ভের শ্রমিকদের প্রত্যেককে সাড়ে তিন হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকেরা বিষয়টি না বুঝে খনি কর্তৃপক্ষকে ভুল বুঝছেন।