মুনাফার লোভ দেখিয়ে ২৭ লাখ টাকা নিয়ে উধাও
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আলেমদের কাছ থেকে প্রায় ২৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শেয়ার বিক্রি, জমানো টাকার দ্বিগুণ মুনাফা ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) চেয়ারম্যান পরিচয়দানকারী মুফতি হাবিবুর রহমান এই টাকা নিয়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, তিনটি প্রতিষ্ঠান আল-ইরশাদ খিদমাতুল খাল্ক ফাউন্ডেশন (রেজি. নং এস-৭৪৭৫ (৬৬৪) ০৮), মদিনা বহুমুখী সমবায় সমিতি লিমিডেট (রেজি. নং পাওয়া যায়নি) ও নাসিরাবাদ ট্রেড ইন্টারন্যাশনাল কোং লিমিটেডের (রেজি. নং সি-৮২৩০২/১০) চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান। এগুলোর প্রধান কার্যালয় ময়মনসিংহের খাগডহরে (ঘুণ্টি)। তাঁর বাড়ি ওই জেলার মুক্তাগাছা উপজেলার গারাইকুটি গ্রামে। তিনি তিন কর্মকর্তাকে নিয়ে ২০০৮ সালের জুলাই মাসে পাকুন্দিয়ায় ওই সংস্থাগুলোর নামে কার্যক্রম শুরু করেন। অন্যরা হলেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা আছাদুর রহমান আকন্দ, জেলার প্রধান সমন্বয়কারী মাওলানা এরশাদুল হক ও সহকারী সমন্বয়কারী মাওলানা ফজলে রাব্বি। ২০১০ সালের ডিসেম্বর মাসে সংস্থাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রতারণার শিকার কয়েকজন জানান, বিভিন্ন এলাকার আলেমদের নিয়ে সাবেক উপজেলা কোর্ট জামে মসজিদে বসে কয়েকটি সভা করা হয়। সভায় উপজেলায় একজন ও প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে ১০ জন ইউনিয়ন সমন্বয়কারী নিয়োগ দেওয়া হয়। তাঁরা গ্রামে গ্রামে গিয়ে এর কার্যক্রম শুরু করেন। সংস্থার কোনো কার্যালয় না থাকায় ওই মসজিদে বসেই এর কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতারিত ব্যক্তিরা জানান, দরিদ্র শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে আল-ইরশাদ খিদমাতুল খাল্ক ফাউন্ডেশনের নামে বিভিন্ন এলাকায় ২০০ মক্তব চালু করা হয়। সেখানে প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা বেতনে শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে মসজিদের ঈমাম, মাদ্রাসার মৌলভি শিক্ষক ও বেকার আলেমদের কাছ থেকে জামানত (ফেরতযোগ্য) হিসাবে ১৫ হাজার টাকা করে নেওয়া হয়। এভাবে ১৫০ জনের কাছ থেকে প্রায় ১৮ লাখ টাকা নেওয়া হয়। প্রতারিত ব্যক্তিদের কেউ কেউ জানান, সৎ উপায়ে টাকা উপার্জনের জন্য বছরে শতকরা ৭০ টাকা লাভ দেওয়ার কথা বলে নাসিরাবাদ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিডেটের শেয়ার বিক্রির কথা বলে ৩০ জনের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নেওয়া হয়।পাকুন্দিয়া সদর বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা ইদ্রিস আলী বলেন, ‘আমি নিজেও প্রতারিত হয়েছি। মাওলানা হাবিবুর রহমান নিজেকে একজন মুফতি বলে পরিচয় দিয়েছেন। তিনি এ রকম কাজ করতে পারবেন, তা কল্পনাও করতে পারিনি।’ পাকুন্দিয়া পৌর এলাকার সমন্বয়কারী মাওলানা হেলাল উদ্দিন বলেন, ‘ওদের কথা বিশ্বাস করে মক্তবে চাকরি দেওয়ার কথা বলে এলাকার ২৮ জন লোকের কাছ থেকে তিন লাখ ৫৪ হাজার টাকা এনে জেলা সমন্বয়কারীর কাছে জমা দিয়েছি। আলমদী গ্রামের রুহুল আমীন বলেন, পাঁচ বছরে জমানো টাকার দ্বিগুণ মুনাফার কথা বলে মদিনা সমবায় সমিতি লিমিডেট তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা আমানত নিয়েছে।পাকুন্দিয়া উপজেলা সমন্বয়কারী মাওলানা আবু সাঈদ বলেন, ‘ওই সংস্থার চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমানের কথা বিশ্বাস করে এলাকার ৭০০ লোকের কাছ থেকে প্রায় ২৭ লাখ টাকা ইউনিয়ন সমন্বয়কারীদের মাধ্যমে জেলা সমন্বয়কারীর কাছে জমা দিয়েছি। এখন তাঁর খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না।’পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার বলেন, ‘ক্ষতিগ্রস্তরা যদি আইনি সহায়তার জন্য আমার কাছে আসে আমি তাদের সর্বাত্মক সহযোগিতা করব।’মাওলানা এরশাদুল হক শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘ওই সংস্থার দ্বারা আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাকেও ওই পদের জন্য ৪০ হাজার টাকা জামানত দিতে হয়েছে। সংস্থার চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান টাকা ফেরত দেওয়ার কথা বলে দেড় বছর ধরে ঘুরাচ্ছেন।’