বাংলাদেশে ব্যবসারত বিদেশি জীবনবিমা কোম্পানি মেটলাইফকে পুরো মুনাফা যুক্তরাষ্ট্রে পাঠাতে ‘না’ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেটলাইফের পলিসি গ্রাহকদের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইডিআরএ গতকাল রোববার দুটি চিঠি দিয়ে কোম্পানিটিকে এ কথা জানায়।
মেটলাইফের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম চিঠি দুটি পেয়েছেন বলে গতকাল প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মাত্র চিঠি পেলাম। আমরা এখন এটি পর্যবেক্ষণ করব।’
আইডিআরএ সূত্রে জানা গেছে, মেটলাইফ (সাবেক আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি-আলিকো) বাংলাদেশ থেকে ২০১৩ সালে ১১৪ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মুনাফা করে। আর ২০১৪ সালে কোম্পানিটি মুনাফা করে ১০৪ কোটি ২ লাখ ৬২ হাজার টাকা।
দুই বছরের মুনাফা ২১৮ কোটি ৭৩ লাখ ৩৩ হাজার টাকা থেকে প্রতিবছর ৯৩ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার হিসেবে মোট ১৮৬ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা বাংলাদেশে রাখতে হবে বলে মেটলাইফকে জানিয়ে দিয়েছে আইডিআরএ। তবে মেটলাইফ বাকি প্রায় ৩৩ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাঠাতে পারবে।
বিদ্যমান বিমা আইন, ২০১০-এর ৪৩ ধারা অনুযায়ী বিমা কোম্পানিগুলোর সলভেন্সি মার্জিনসংক্রান্ত প্রবিধানমালা জারির কাজ চলছে। সলভেন্সি মার্জিন হচ্ছে, বিমা গ্রাহকদের সুরক্ষা দিতে এবং তাঁদের পলিসির অর্থ পরিশোধের জন্য আর্থিক জীবনবিমা কোম্পানির আর্থিক সক্ষমতা।
সলভেন্সি মার্জিন প্রবিধানমালা জারি হলে জীবনবিমা কোম্পানিগুলোকে বর্তমানের চেয়ে বেশি মূলধন সংরক্ষণ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তারই অংশ হিসেবে আইডিআরএ এমন পদক্ষেপ নিয়েছে বলে সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
আইডিআরএর সূত্রগুলো জানায়, মেটলাইফ কোনো বিনিয়োগ ছাড়াই বাংলাদেশে ব্যবসা করে আসছে। যুক্তরাষ্ট্রে নিবন্ধিত এ কোম্পানি বাংলাদেশে কাজ করছে মূলত শাখা হিসেবে। মেটলাইফ বাংলাদেশে বিমা ব্যবসা শুরু করতে এক পয়সাও নিয়ে আসেনি বলে দুই বছর আগে অর্থ মন্ত্রণালয়কে প্রতিবেদন-সংবলিত একটি চিঠি পাঠিয়েছিল আইডিআরএ। ২০০৮-০৯-এর বিশ্বমন্দার পর ২০১০ সালের ১ নভেম্বর আলিকো কিনে নেয় মেটলাইফ। বিশ্বের ৫০টি দেশে মোট ১০ কোটি গ্রাহক রয়েছে এর। কোম্পানিটি ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে।
মেটলাইফকে তিন বছর ধরে পুরো মুনাফা যুক্তরাষ্ট্রের উইলমিংটনে অবস্থিত প্রধান কার্যালয়ে পাঠাতে দেয়নি আইডিআরএ। কারণ, গ্রাহকদের জামানতের অর্থের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক জীবনবিমা কোম্পানিতে যে সলভেন্সি মার্জিন থাকতে হয়, তাতে মেটলাইফের ঘাটতি ছিল।
সলভেন্সি মার্জিন প্রবিধানমালা জারি হওয়ার পর মেটলাইফকে পরিশোধিত মূলধন বাড়াতেই হবে। কিন্তু তার আগেই কেন তাদের পুরো মুনাফা নিতে দেওয়া হচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘টাকা একবার চলে গেলে ফিরে আসা সময়সাপেক্ষ। কারণ, তখন মূল কোম্পানির সম্মতি নিতে হয়। তা ছাড়া টাকা তো তাদের কাছেই থাকবে। শুধু গ্রাহকদের সুরক্ষা দিতে একটু আলাদা করে রাখা।’
মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মুনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, বাংলাদেশের মেটলাইফের গ্রাহক ১০ লাখেরও বেশি। তবে পলিসি হবে ১৪ লাখের মতো।
একমাত্র বিদেশি জীবনবিমা কোম্পানি হলেও আইডিআরএ সম্প্রতি ভারতীয় জীবনবিমা কোম্পানি এলআইসিকে বাংলাদেশে ব্যবসা করার লাইসেন্স দিয়েছে। যুক্তরাজ্যের কোম্পানি প্রুডেনশিয়ালকেও লাইসেন্স দেবে বলে জানিয়েছে।