মুনিম ফয়েজ হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কলাবাগান থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. মুনিম ফয়েজ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, মুনিম ফয়েজ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৫ এপ্রিল বিকেলে একটা কাজে ধানমন্ডি থানায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন শেখ মো. মুনিম ফয়েজ। এর পর ওই দিন তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত ১০টার দিকে তাঁর মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রাতেই কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন পত্রিকায় গাজীপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে মুনিম ফয়েজের স্বজনেরা গাজীপুর সদর হাসপাতালের মর্গে গিয়ে মুনিমের লাশ শনাক্ত করেন। লাশটির নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।

নিহত মুনিম ফয়েজের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুণী এলাকায়।