মুনিয়া নদীর পানি তোলা বন্ধের দাবি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নে মাছ ধরার জন্য মুনিয়া নদীর পানি সেচে শুকানোর কাজ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার উত্তরভাগ ইউনিয়নের কৃষকেরা রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, উত্তরভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষক প্রায় ২০ বছর ধরে মুনিয়া নদী থেকে দুই পাশের বোরো খেতে সেচ দিয়ে আসছেন। নদীতে পর্যাপ্ত পানি না থাকা সত্ত্বেও ফতেহপুর ইউনিয়নের ভেড়িগাঁওয়ের দক্ষিণ অংশে তিন দিন ধরে সেচপাম্প বসিয়ে নদীর ইজারাদারেরা মাছ ধরার জন্য সেচের মাধ্যমে পানি শুকিয়ে ফেলছেন। এতে এলাকার গরিব কৃষকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাঁদের স্বার্থ বিবেচনা করে দ্রুত সেচকাজ বন্ধের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে ৪০ জন কৃষক সই করেছেন।
ইজারাদারের তত্ত্বাবধায়ক আখতার হোসেন বলেন, ‘আমরা মাছের খামার করেছি। মাছ সস্তা হওয়ায় বাঁধ দিয়ে পানি আটকেছিলাম। এখন এলাকার কৃষকদের কথা বিবেচনা করে মাছ ধরে ফেলছি। কৃষকেরা তাঁদের খেতে অন্তত ছয়টা পাম্প দিয়ে পানি সেচ দিচ্ছেন। আমরা সেচ দিচ্ছি না। এসব পাম্প আমাদের না।’
রাজনগরের ইউএনও আইনুর আক্তার বলেন, ‘আমি ঢাকায় যাচ্ছি। খোঁজ নিচ্ছি।’