মুনিয়ার বাবার কান্না থামছেই না
মা-বাবা আদর করে পাখির নামের সঙ্গে মিল রেখে নাম রেখেছিলেন মুনিয়া। পুরো নাম মুনিয়া সাদিয়া। সে খুলনা বয়রা সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত। গত মঙ্গলবার হায়েনাদের হাতে ক্ষতবিক্ষত লাশটি পুলিশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করে। কিন্তু মুনিয়া বেওয়ারিশ নয়। তার পরিবার-পরিজন খুলনা নগরেই থাকে।মুনিয়ার ঠিকাদার বাবা এস এম গোলাম মোস্তফা আক্ষেপ করে প্রলাপ বকছেন, ‘আমার মুনিয়াকে কয়েক দিন হিমাগারে রেখে দিলে কী ক্ষতি হতো? পরানের ধনকে শেষ দেখাও দেখতে পেলাম না।’ তিনি জানান, সোমবার বিকেল চারটার দিকে মুনিয়া তার খালার বাসা থেকে বের হয়। বুধবার স্থানীয় পত্রিকায় দুটি লাশের ছবি ছাপা হয়। ওই ছবি দেখে মুনিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরে থানায় গিয়ে পুলিশের তোলা ছবি দেখে তিনি নিশ্চিত হন, দাফন করা মেয়েটি মুনিয়া।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতের কোনো এক সময় নরপশুদের পাশবিকতার শিকার হয়ে প্রাণ হারায় মুনিয়া। তাকে নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। গত মঙ্গলবার মহানগরের লবণচরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হলে তাকে ওই দিনই দাফন করা হয়।সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ। তিনি বলেন, অজ্ঞাতনামা ওই কিশোরীর গলায় ফাঁস লাগানোর কালো দাগ ছিল। তার শারীরিক অবস্থা দেখে বোঝা গেছে, তাকে পাশবিক নির্যাতনের পর গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। এ কারণে একটি হত্যা মামলা করা হয়েছে। পরিচয় পাওয়ার আগেই লাশের দাফনের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাজুল বলেন, ‘মানবিক দিক বিবেচনা করলে এটা আমাদের ভুল হয়েছে।’খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক হামিদ আজগার প্রথম আলোকে বলেন, হাসপাতালে মরচুয়ারিতে লাশ রাখার ব্যবস্থা আছে। কেউ অনুরোধ করলে কয়েক দিন লাশ রাখা হয়।