মুনীর চৌধুরীকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মুনীর চৌধুরীকে অব্যাহতি দেওয়ার আদেশটি বাতিল করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত ২৯ ডিসেম্বর মন্ত্রণালয়ের সহকারী সচিব মিজবাহ উদ্দিন মোল্লা স্বাক্ষরিত একটি চিঠিতে ওই আদেশ বাতিল করা হয়েছে। ফলে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) মহাব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুনীর চৌধুরী নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে যাবেন। গত ২৪ ডিসেম্বর মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান স্বাক্ষরিত চিঠিতে মুনীর চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রণালয় থেকে জারি করা চিঠিতে চেয়ারম্যানের আদেশ বাতিলের পাশাপাশি এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মিল্ক ভিটার চেয়ারম্যান বলেন, মিল্ক ভিটার আইনে আছে, কোনো ব্যাপারে বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সরকারের সিদ্ধান্তের ভিন্নতা হলে সরকারি সিদ্ধান্তই প্রযোজ্য হবে। মুনীর চৌধুরীর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত বোর্ডের কাছে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।