মুন্ডা শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন দিনব্যাপী জয়পুরহাট সদর উপজেলার রাজবাড়ী দেবপাল আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের নয়টি জেলার মুন্ডা সম্প্রদায়ের চার শতাধিক শিক্ষার্থী ওই সম্মেলনে অংশ নেয়।
২৮ ডিসেম্বর সম্মেলন উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম। অনুষ্ঠানে জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, নাটোর, চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে মুন্ডা সম্প্রদায়ের শিক্ষার্থীরা ওই সম্মেলনে যোগ দেয়।
সম্মেলনে শিক্ষার্থী বক্তারা মুন্ডা ভাষায় তাদের সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষার বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকার করে। সম্মেলনে শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেয় কুরশীদ পাহান, সুনীল পাহান, রামেশ্বর পাহান, কাজল পাহান প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বুদু মুন্ডা।
মুন্ডা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরিপাল চন্দ্র পাহান ও সাধারণ সম্পাদক ধরনী পাহান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের তিন দিনের সম্মেলন শেষ হয়েছে। আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও মুন্ডা সম্প্রদায়ের ছেলেমেয়েরা যেন এগিয়ে যেতে পারে, সে জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। এ ছাড়া মুন্ডা সম্প্রদায়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, মাদক পরিহার ও মাদকের কুফল নিয়েও তাঁরা আলোচনা করেন।
সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়।