মুন্নির পর ফাঁস নিল আরাফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে মৃত আরাফাত সরকারের বাবা-মায়ের আহাজারি l ছবি: প্রথম আলো
গাজীপুরের কালিয়াকৈরে মৃত আরাফাত সরকারের বাবা-মায়ের আহাজারি l ছবি: প্রথম আলো

গাজীপুরে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনার পরের রাতেই আত্মহত্যা করা এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈরের রতনপুর গ্রামে ফুফুর বাড়িতে আত্মহত্যা করা স্কুলছাত্রের লাশ সকালে নিজেদের বাড়িতে আনা হয়। পরে গতকাল বুধবার লাশটি উদ্ধার করে পুলিশ।

মেয়েটি অষ্টম শ্রেণিতে আর ছেলেটি নবম শ্রেণিতে পড়ত। পরপর দুই রাতে পাশাপাশি গ্রামের দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার এ ঘটনাকে পুলিশ প্রেমের সম্পর্কের ব্যর্থ পরিণতি বললেও মেয়ের পরিবার বলছে, ছেলেটি বখাটে ছিল। তার উত্ত্যক্তের শিকার হয়েই তাঁদের মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

কুতুবদিয়া গ্রামের স্কুলছাত্রী মুন্নি আক্তার গত সোমবার রাতে আত্মহত্যা করে। উপজেলার চাপাইর বি বি উচ্চবিদ্যালয়ের ছাত্রী মুন্নির বাবার নাম মো. শহিদ। আর চাপাইর গ্রামের উত্ত্যক্তকারী হিসেবে অভিযুক্ত স্কুলছাত্র আরাফাত সরকার আত্মহত্যা করে গত মঙ্গলবার রাতে। গতকাল বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে স্থানীয় ইউনাইটেড স্কুলে পড়ত।

আরাফাত সরকারের মা মাসুদা পারভীন ও বাবা আতাউর সরকার বলেন, তাঁদের তিন ছেলে ও এক মেয়ে মধ্যে আরাফাত দ্বিতীয়। দুই বছর ধরে মুন্নির সঙ্গে আরাফাতের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তাঁরা জানতে পেরে আরাফাতকে টাঙ্গাইলের করটিয়া শহীদ একাডেমি স্কুলে ভর্তি করে দেন। মুন্নির কারণে তাঁদের ছেলে ওই স্কুল ছেড়ে বাড়িতে চলে আসে। পরে তাকে ইউনাইটেড স্কুলে ভর্তি করে দেওয়া হয়। মুন্নির আত্মহত্যা করার পর আরাফাত বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে। কারণ জানতে চাইলে বাবা-মাকে জানায়, সে গত সোমবার রাতে মুন্নির ঘরে ছিল। বিষয়টি টের পেয়ে মুন্নির মা-বাবা, ভাই-বোনসহ অন্যরা তাকে ও মুন্নিকে মারধর ও বকাঝকা করেন। আরাফাত চলে আসার পর মুন্নি নিজ ঘরে আত্মহত্যা করে।

আরাফাতের বাবা-মা বলেন, মারধর, অপমান ও ভয়ভীতি দেখানোর কারণে আরাফাত আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, মুন্নির মৃত্যুর খবরের পর আরাফাতকে পাওয়া যায়নি। পরে জানা গেছে, সে ওই দিনই উপজেলার রতনপুর গ্রামে তার ফুফু বানেছা বেগমের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে মঙ্গলবার রাতে ফুফাতো ভাই বাবুল মিয়ার সঙ্গে শুয়ে পড়ে। রাতের কোনো এক সময়ে গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুন্নি ও আরাফাতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারই জের ধরে প্রথমে মুন্নি ও পরে আরাফাত আত্মহত্যা করেছে।