মুন্নী সাহার কাছে মুঠোফোনে চাঁদা দাবি
বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে ১০ দিন ধরে মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিকার চেয়ে মুন্নী সাহা নিজের মুঠোফোন থেকে কাউকে ফোন করলেও বিষয়টি জেনে যাচ্ছেন হুমকিদাতা। মুন্নী সাহা প্রথম আলোকে বলেন, ৬ অক্টোবর নিজেকে ‘মোহাম্মদপুরের মোস্ট ওয়ান্টেড নবী’ পরিচয় দিয়ে একজন ফোন করে তাঁর কাছে পাঁচ কোটি টাকা চায়। এর পরদিনও ওই নম্বর থেকে গড়ে দু-তিনবার ফোন আসে, ফোন না ধরলে গালিগালাজ করে খুদে বার্তা পাঠানো হতো। সংশ্লিষ্ট ফোন কোম্পানিকে বিষয়টি জানানো হলে ৮ অক্টোবর থেকে ভারতীয় একটি নম্বর থেকে ফোন করে গালিগালাজ শুরু করে হুমকিদাতা।মুন্নী সাহা বলেন, প্রতিকার চেয়ে তিনি পুলিশের এক কর্মকর্তাকে ফোন করার পর হুমকিদাতা বিষয়টি জেনে যায় এবং ফোন করে গালিগালাজ করে। বলে, ‘তোর পুলিশ বাপ কিছুই করতে পারবে না’। মুন্নী সাহা বলেন, হুমকির ধরন দেখে মনে হচ্ছে, এর পেছনে কোনো শক্তি কাজ করছে। তিনি জানান, পুলিশের মহাপরিদর্শককে লিখিতভাবে ও র্যাবের মহাপরিচালকের সঙ্গে দেখা করে বিষয়টি তাঁদের জানানো হয়েছে। এ ছাড়া মহানগর পুলিশ কমিশনার ও গোয়েন্দা পুলিশকেও (ডিবি) বিষয়টি জানানো হয়েছে। মুন্নী সাহা বলেন, ‘সর্বশেষ গতকাল রোববার চাঁদার অঙ্ক বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে। এবং বলা হয়েছে, আমাকে “হিট” না করা পর্যন্ত দম নেবেন না তিনি।’এ বিষয়ে জানতে চাইলে ডিবির উপকমিশনার ও মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, হুমকিদাতা বর্তমানে ভারতীয় সীমান্তের আশপাশে অবস্থান করছে।