১৬ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় করা মামলায় আসামি মুফতি আবদুল হান্নান জেরা করেছেন তদন্তকারী কর্মকর্তাকে। ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২১ ডিসেম্বর।
আসামি মুফতি আবদুল হান্নান তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমানকে জেরা করেন। মুফতি হান্নান প্রশ্ন করেন, ‘আপনি ২১ আগস্ট (২০০৪ সালে) গ্রেনেড হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন কি না?’ জবাবে মুন্সি আতিকুর রহমান আদালতে বলেন, তিনি এই মামলার আংশিক তদন্ত করেছিলেন। এ ছাড়া মুফতি হান্নান জিজ্ঞেস করেন তিনি (মুন্সি আতিক) ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলার আসামি কি না। জবাবে আতিক আদালতে বলেন, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি। দণ্ডবিধি ৩৩৩ ও ২১৮ ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়।
মুন্সি আতিকুর আদালতে আরও বলেন, তিনি এ ঘটনার (২১ আগস্ট গ্রেনেড হামলা) সঙ্গে মোটেও জড়িত ছিলেন না। তারপরও তাঁকে এই মামলার আসামি করা হয়। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় কয় মাস জেলে ছিলেন তা জানতে চান মুফতি হান্নান। জবাবে আতিকুর বলেন, তিনি এই মামলায় গ্রেপ্তার হয়ে নয় মাস জেলে ছিলেন। পরে জামিন পেয়েছেন।
২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার তদন্তে ‘জজ মিয়া নাটক’ সাজানোর অভিযোগে মুন্সি আতিককেও এ মামলায় আসামি করে পুলিশ। আসামি হিসেবে তিনি এ মামলায় নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন। মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
এসব প্রশ্ন করার পর একপর্যায়ে মুফতি হান্নান আদালতকে জানান, তিনি অসুস্থবোধ করছেন। এই মামলার পর্যাপ্ত কাগজপত্র তাঁর কাছে নেই। তাই তাঁকে অন্তত এক সপ্তাহ সময় দেওয়া হোক। জবাবে আদালত মুফতি হান্নানকে আজই জেরা শেষ করতে বলেন।
মুফতি হান্নান বারবারই বলেন, তিনি যেটুকু কাগজ পেয়েছিলেন তা নোট করেই প্রশ্ন করেছেন। তাঁর কাছে আর কোনো প্রশ্ন নেই। এরপর বিচারকের নির্দেশে সরকারি কৌঁসুলি তাঁকে অভিযোগপত্রের কাগজ দেন। মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর মুফতি হান্নান প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহে আবার জেরা করবেন বলে আদালতকে জানান।
রাষ্ট্রপক্ষে মুফতি হান্নানের এই আবেদনের বিরোধিতা করা হয়। পরে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এই মামলার মোট আসামি ২৫ জন। এর মধ্যে ১৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁদের আজ আদালতে হাজির করা হয়।
২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ছিল। এর কাছাকাছি স্থানে ৭৬ কেজি ওজনের একটি বোমা মাটিতে পুঁতে রাখা হয়েছিল। জনসভার দুদিন আগে পুঁতে রাখা বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে কোটালীপাড়া থানার পুলিশ।
তদন্তে বেরিয়ে আসে, শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) এই বোমা পেঁতে রেখেছিল। ২০০১ সালের ৮ এপ্রিল হুজির শীর্ষস্থানীয় নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে অধিকতর তদন্ত শেষে ২০০৯ সালের ২৯ জুন নতুন করে আরও নয়জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে সিলেটে হত্যাচেষ্টা এবং রমনার বটমূলে বোমা হামলা মামলায় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড দেন আদালত।