সিআইডির অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমানের নামে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলায় সাক্ষ্য দিতে না আসায় আদালত গতকাল মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন। এদিন নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের ছয় জঙ্গিকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন: সংগঠনটির শীর্ষনেতা মুফতি আবদুল হান্নান, মহিবুল্লাহ, মেহেদী হাসান, ওয়াসিম, মাহমুদ আজাহার ও রাশেদ। এ ছাড়া জামিনে থাকা তিনজন আসামি আদালতে হাজির হন। এর আগের সাক্ষ্য গ্রহণের দিনও (৪ জানুয়ারি) মুন্সি আতিকুর রহমান আদালতে হাজির হননি। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্র জানায়, মামলাটি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। কিন্তু ওই আদালতের বিচারক বদলি হওয়ায় গতকাল জেলা ও দায়রা জজ খন্দকার কামাল উজ্জামানের আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সূত্র জানায়, গতকাল ছিল এই মামলার ১১৮তম কার্যদিবস। মুন্সি আতিকুর রহমান আদালতে হাজির না হওয়ায় এদিন সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। সূত্র আরও জানায়, এই মামলার প্রায় সব সাক্ষী ধার্য তারিখে হাজির হন না। এ পর্যন্ত মাত্র একজন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গৃহীত হয়েছে। মামলার মোট সাক্ষী ৫০ জন। আসামি ১৫ জন। ২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা ছিল। এ জনসভায় হরকাতুল জিহাদ প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের হত্যার পরিকল্পনা করে। কিন্তু জনসভার এক দিন আগে ৭৬ কেজি ওজনের বিশাল আকৃতির দুটি বোমা উদ্ধার হলে হরকাতুল জিহাদের পরিকল্পনা ভেস্তে যায়।