মুন্সিগঞ্জ আ.লীগের সম্মেলন কাল আগ্রহ নেই নেতা-কর্মীদের
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল শনিবার। দাওয়াতপত্র তৈির এবং দেয়ালে দেয়ালে সম্মেলনের পোস্টার সাঁটানো হয়েছে। সম্মেলনস্থল মুন্সিগঞ্জের পুরাতন কাচারী বালুমাঠে সামিয়ানাসহ মঞ্চ তৈিরর কাজও শেষ পর্যায়ে৷ তবে সম্মেলনের উত্তাপ এখানেই সীমাবদ্ধ। দলীয় নেতা-কর্মীদের মধ্যে সম্মেলনকে ঘিরে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।
দলের বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, প্রায় ১৮ থেকে ২০ বছর ধরে জেলার রাজনীতিতে কমিটির বর্তমান সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের কর্তৃত্ব দেখে আসছেন তাঁরা। এই সময়ের মধ্যে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসেনি। ওই নেতৃত্বের কোনো পরিবর্তন ঘটানোও সম্ভব হয়নি। তাঁদের কাছ থেকে দলের অন্য নেতা-কর্মীরা বঞ্চনা ছাড়া আর কিছুই পাননি। এত দিনেও তাঁরা একটি দলীয় কার্যালয়ও উপহার দিতে পারেননি। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারও সেই পুরোনো নেতৃত্বই দলে থাকবে৷ আর এ কারণেই নেতা-কর্মীরা আগ্রহ হারিয়ে ফেলেছেন।
সভাপতি মহিউদ্দিনের অনুসারীরা জানান, জেলার সভাপতি পদে এবারও মহিউদ্দিন প্রার্থী হবেন। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর নাম এখনো শোনা যাচ্ছে না। এবারও তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এখন শুধু সম্মেলন পর্যন্ত অপেক্ষা।
নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা জানান, এর আগে জেলার উপজেলা ও ইউনিয়নের সম্মেলন হলে সেখানে মহিউদ্দিনের অনুসারীদের পদ দেওয়া হয়। তাঁর অনুসারীর বাইরে কাউকে পদ দেওয়া হয়নি। এখন জেলার সম্মেলনে ওই নেতা-কর্মীরাই কাউন্সিলর ও ডেলিগেট হচ্ছেন।
তবে সাধারণ সম্পাদক পদে শেখ লুৎফর রহমানের সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তোফাজ্জল মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তোফাজ্জল হোসেন বলেন, দলের নেতা-কর্মীরা এবার পরিবর্তন চান। তাই সাধারণ সম্পাদক পদে তিনি প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় শহরের বালুমাঠে সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা রয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ নাসিম ও নূহ-উল আলম লেনিন। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সার্বিক বিষয়ে জানার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি৷ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান বলেন, দলের নেতা-কর্মীরা চাইলে তিনি এবারও প্রার্থী হবেন। দীর্ঘ সময় সাধারণ সম্পাদক থাকলেও দলীয় কার্যালয় স্থাপন করতে না পারার কারণ সম্পর্কে তিনি জানান, দলীয় কার্যালয় কয়েকটি স্থানে নির্মাণের চেষ্টা করা হয়৷ কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তা নির্মাণ করা সম্ভব হয়নি।
জেলা কমিটির সভাপতি হিসেবে মো. মহিউদ্দিন ১৯৯১ সাল এবং সাধারণ সম্পাদক পদে শেখ লুৎফর রহমান ১৯৯৬ সাল থেকে একটানা দায়িত্ব পালন করে আসছেন। ২০০৫ সালে জেলা কিমটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।