মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব শুরু
মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার শুরু হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে গতকাল সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন। মূল অনুষ্ঠান উদ্বোধনকালে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম ও ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মাহফুজুর রশিদ। স্মৃতিচারণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ হোসেন, সিরাজুল কবির, শামসুল কবির, আবুল কালাম আজাদ প্রমুখ। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ শনিবার রয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।