মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আমেনা বেগম নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে এক দম্পতিকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। চট্টগ্রামে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই দুটি রায় দেওয়া হয়।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কমলপুর গ্রামের মো. নাজিম উদ্দিন ও তাঁর স্ত্রী লুৎফা বেগম এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ চরপাড়ার আবদুল হান্নান। তিন আসামিই বর্তমানে পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালে সিরাজদিখানের ফুলহার গ্রামের শেখ সালাউদ্দিনের স্ত্রী আমেনা বেগমকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেন আসামিরা। এতে আমেনা গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে আমেনা হত্যাকাণ্ডের বর্ণনা করে যান। ওই ঘটনায় আমেনার মা বাদী হয়ে মো. নাজিম উদ্দিন ও তাঁর স্ত্রী লুৎফা বেগমকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা করেন। আসামিরা আমেনার আত্মীয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অজয় চক্রবর্তী প্রথম আলোকে সাংবাদিকদের জানান, মামলার পর থেকে দুই আসামি পলাতক। সাক্ষ্যপ্রমাণ নিশ্চিত হয়ে গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও জরিমানা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালে আবদুল হান্নান ও নার্গিস আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নার্গিসকে চাপ দেন হান্নান। যৌতুক না পেয়ে ২০০১ সালের ১৯ এপ্রিল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নার্গিসকে শ্বাসরোধে হত্যা করেন হান্নান। ঘটনার পরদিন নার্গিসের বাবা দুদু মিয়া হান্নান ও তাঁর মা বারেকা খাতুনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চন্দন কুমার তালুকদার জানান, হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০ ধারায় অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত তাঁকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তাঁর মায়ের সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
চন্দন কুমার জানান, মামলার পর হান্নান অনেক দিন কারাগারে ছিলেন। জামিন দেওয়ার পর গত বছরের ৭ আগস্ট থেকে তিনি পলাতক।