মুন্সিগঞ্জ ছাত্রলীগের সম্মেলন ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন
মুন্সিগঞ্জে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০ মে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই বর্ধিত সভায় জেলা ছাত্রলীগের অধিকাংশ নেতা উপস্থিত না থাকায় সম্মেলন ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের একাংশের নেতারা। বর্ধিত সভায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ১২৩ জন নেতার মধ্যে মাত্র ১১ জন উপস্থিত ছিলেন।জানা গেছে, ছাত্রলীগের জেলা কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এরপর কেন্দ্রীয় কমিটি বর্ধিত সভা করে জেলা সম্মেলন করার আহ্বান জানালেও মেয়াদোত্তীর্ণ কমিটি তা করেনি। গত ১৮ এপ্রিল কেন্দ্রীয় নেতারা বাধ্য হয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির ঘোষণা দেন। এই কমিটির আহ্বায়ক করা হয় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মাহমুদ রিয়াদকে।এদিকে এরই মধ্যে জেলা ছাত্রলীগ গতকাল হঠাৎ বর্ধিত সভার আয়োজন করে। সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের মুন্সিগঞ্জ জেলার দায়িত্বে নিয়োজিত দুই নেতা মিজানুর রহমান ও আহসান উল্লাহ সরকার অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন। সভায় মাত্র ১১ জন সদস্য উপস্থিত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তাঁরা বলেন, বর্ধিত সভায় কোরাম সংকট তেমন গুরুত্বপূর্ণ নয়।সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন জানান, জেলার ১২৩ জন নেতাদের বেশির ভাগ জেলা কমিটির সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে পছন্দ করেন না। তাই তাঁরা বর্ধিত সভায় যাননি। তিনি জানান, জেলা কমিটির প্রতি অনাস্থা-সংক্রান্ত ৬৫ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বর্ধিত সভায় কেন্দ্রীয় দুই নেতার কাছে জমা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আহসান উল্লাহ সরকার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থার বিষয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ছাত্রলীগের বর্ধিত সভা ঘিরে উত্তেজনা বিরাজ করায় গতকাল সভাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।