ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জে গতকাল শুক্রবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। একই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি ও গাজীপুরের কালিয়াকৈরে অপর এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: বেলা সোয়া একটার দিকে ঢাকা থেকে শিমুলিয়াগামী আরাম পরিবহনের একটি বাস শ্রীনগরের ষোলঘরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন ২০ থেকে ২২ জন যাত্রীকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে ১৭ জনকে আহতাবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ঢাকার কেরানীগঞ্জের সম্ভুনাথ বর্মণ (৩৫), ক্যান্টনমেন্ট থানার উত্তর মানিকদী এলাকার মনোয়ারা বেগম (৫৩) ও শ্রীনগর উপজেলার রাঢ়ীখালের রমিজ আলী (৬০) মারা যান। গুরুতর আহতাবস্থায় বাঁধন (১২) ও আবদুল মান্নানকে (৭০) ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত যাত্রীদের ভাষ্যমতে, ৫২ আসনের বাসটিতে ৬০ জনের মতো যাত্রী ছিলেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর ক্রেনের সাহায্যে বাসটি টেনে তোলা হয়। তবে বাসের ভেতরে কোনো যাত্রীর লাশ পাওয়া যায়নি।
এর আগে সকাল সোয়া আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আপন পরিবহনের একটি বাস শ্রীনগরের সমষপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আহত ২০-২১ জন যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত মো. রাকিব (২৫) মারা যান।
বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলায় শিমুলিয়া ফেরিঘাটে একটি মালবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে এর চালক সৌরবিদ্যুৎ প্রকৌশলী জিয়াউর রহমান (৩৩) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে।
শ্রীনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, খাদ থেকে দুটি বাস উদ্ধার ও জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ হোসেন জানান, তিনটি ঘটনার মধ্যে দুটিতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। অপর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মদনপুর-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের ললাটি এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবদুল বাতেন (৩২) ও তাঁর স্ত্রী আঁখি বেগম (২৫) মারা যান। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে।
গাজীপুর: কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অসীম কুমার রায় জানান, সকালে কালিয়াকৈর বাইপাস রোড এলাকায় সড়ক পার হওয়ার সময় সাবের আলী (৬০) নামের এক ব্যক্তি আহত হন। হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পর তিনি মারা যান। সাবের আলী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ছোট কাটামনি এলাকার বাসিন্দা।
কালিয়াকৈরের মৌচাক নিশ্চিন্তপুর বেঙ্গল পেনসিল মিলের সামনে বেলা সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী লেগুনা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনচালকসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন। মৌচাক ফাঁড়ির পুলিশ ও কোনাবাড়ী হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।