মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক সংস্কার শুরু না হলে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক সংস্কারের কাজ শুরু না হলে আগামী ৩ অক্টোবর সকাল-সন্ধ্যা প্রতীকী পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোট। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হানিফ খান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই হুমকি দেন। এদিকে মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ ও তা বাস্তবায়নের দাবিতে গতকাল মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন হয়েছে।নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের আহ্বায়ক ও আনন্দ পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন। তিনিসহ অন্য বক্তারা বলেন, দীর্ঘ আট বছর ধরে ঢাকা-মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটির সংস্কার করা হয়নি। ওই সড়কের পাগলা, পোস্তগোলা, জুরাইন, যাত্রাবাড়ীসহ বিভিন্ন রুটে প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী হাজার হাজার গাড়ি চলে। কিন্তু সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে খানাখন্দ ও বড় গর্তের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহালদশা থাকলেও এর সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিবহনের পরিচালক মো. কাজল, আনন্দ পরিবহনের পরিচালক দিদারুল ইসলাম, শীতলক্ষ্যা পরিবহনের চেয়ারম্যান এস এম জিল্লুর রহমান লিটন, বোরাক পরিবহনের নির্বাহী পরিচালক ইদ্রিস আলী, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সালাউদ্দিন খোকা, আনন্দ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মদ, হাজি মো. শহীদুল্লাহ, সামসুজ্জামান ভাসানী প্রমুখ।মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারীর প্রধান সড়কে গতকাল সকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) উদ্যোগে মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাবের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সরকার, জাতীয় মহিলা পরিষদের জেলা সভাপতি খালেদা খানম, প্রেসক্লাবের সভাপতি ও ক্যাবের সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুন্সিগঞ্জ শাখার সভাপতি মতিউল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর ঘোষ প্রমুখ।