মুন্সিগঞ্জ পৌর শিশুপার্কটি অচল পড়ে আছে ২২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন পৌর শিশুপার্কটি ২২ বছরেও সচল করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, বিনোদনের জন্য মুন্সিগঞ্জে শিশুদের কোনো পার্ক নেই। একটি মাত্র শিশুপার্ক বছরের পর বছর ধরে পড়ে আছে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, পার্কের ভেতরে বড় বড় ঘাস। লেকের পানি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। আশপাশের ময়লা-আবর্জনা পার্কের ভেতরে ফেলা হচ্ছে। ভেতরে টিনের তৈরি একটি স্থাপনা তুলে বাবু মুন্সী নামে এক ব্যক্তি ঘরোয়া হোটেল নামে ব্যবসা করছেন। পার্কের ভেতরে ঢোকার পথে দুটি টংয়ের দোকান বসিয়ে একটিতে হোটেল ও অন্যটিতে চায়ের দোকানের ব্যবসা করছেন দুজন।
পৌরসভা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ-কাটাখালী সড়কের জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন সড়কের পশ্চিমপাড়ায় প্রায় পৌনে দুই একর জমির ওপর মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে শিশুপার্কটি নির্মাণ করা হয়। ১৯৯৩ সালে তৎকালীন উপমন্ত্রী আবদুল হাই পার্কটির উদ্বোধন করেন। এক বছর পর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে পার্কটি অচল হয়ে পড়ে। কয়েক বছরের মধ্যেই শিশুদের খেলার সামগ্রী মেরামতের অভাবে নষ্ট হয়ে যায়।
পৌরসভার কয়েকজন কর্মকর্তা জানান, এর মধ্যে কয়েক দফা পার্কটি সচলের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। ২০০৬ সালে তৎকালীন পৌর মেয়র মুজিবুর রহমান পার্কটি সচল করার জন্য ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে চুক্তি করেন। নির্মাণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। কিন্তু তারপরও কোনো কাজ হয়নি।
চায়ের দোকানি আবদুর রশীদ শিকদার বলেন, ‘আমরা ব্যবসা করতাছি বইলাই দেইখ্যা রাখার কারণে এহনও একটু ঠিক আছে।’
মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত জানান, ছয় মাস আগেও সিলেটের এক ব্যবসায়ীর সঙ্গে শিশুপার্কটি সচল করার জন্য একটি চুক্তি হয়। চুক্তির শর্ত মোতাবেক তাঁদের জামানতের টাকাও বাজেয়াপ্ত হয়ে গেছে। কিন্তু তাঁরা কাজটি আর শুরু করেননি। এখন আবার নতুন করে বাংলাদেশ পৌর উন্নয়ন তহবিলের মাধ্যমে বিদেশি টাকায় পার্কটি নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আড়াই কোটি টাকার একটি তহবিল গঠন করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, শিশুপার্কটি পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন মিলে সচল করার জন্য অচিরেই উদ্যোগ নেওয়া হবে।