মুন্সিগঞ্জ মুক্ত দিবসে নানা আয়োজন
আজ ১১ ডিসেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে মুন্সিগঞ্জ জেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। এই দিনেই রাতের অন্ধকারে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে পাকিস্তানি সেনারা তাদের ক্যাম্প গুটিয়ে পালিয়ে যায়। সকালের সূর্য ওঠার কিছুক্ষণের মধ্যেই মুন্সিগঞ্জ জেলায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। এরপর আস্তে আস্তে গোটা জেলায় ছড়িয়ে পড়ে মুক্তির এই আনন্দ বার্তা। জেলা শহরসহ সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দেয় বিজয়ের উল্লাস। মুক্ত দিবসকে কেন্দ্র করে আজ মঙ্গলবার মুন্সিগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পুরোনো কাচারি থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।এ প্রসঙ্গে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান বলেন, শোভাযাত্রা শেষে সুপার মার্কেটসংলগ্ন নির্মিত মুক্তিযুদ্ধের ওপর ভাস্কর্যস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর ভাস্কর্যস্থলে সভামঞ্চে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা হবে।