মুন্সিগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ শেষ হওয়ার আগেই ধস
মুন্সিগঞ্জে ধলেশ্বরীর তীরে শহর রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার আগেই তিন কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানের ব্লকগুলো ধসে পড়েছে। এর মধ্যে উত্তরাংশে মুক্তারপুর সেতুর নিচ দিয়ে ৬০০ মিটার অংশের পুরোটাই ভেঙে গেছে। সমন্বিত শহর রক্ষা বাঁধ প্রকল্পের (ফেস-২) আওতায় ছয় বছর আগে ১৪ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। তিন কিলোমিটার কাজ শেষ হওয়ার পর অর্থের অভাবে বাকি কাজ এগোয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, বাঁধের ওপর ইট-বালুর ব্যবসা, বাঁধ ছিদ্র করে মিল-কারখানার পয়োনিষ্কাশন পাইপ এবং যত্রতত্র বিভিন্ন পণ্যবাহী নৌযান ভেড়ানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধ। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ ও সুষ্ঠু তদারকির অভাব বাঁধ ভেঙে পড়ার প্রধানতম কারণ। পানি উন্নয়ন বোর্ডের ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ বাঁধ নির্মাণে নিম্নমানের কাজের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মাটি কাটার ড্রেজারের পাইপ ও বিভিন্ন নৌযান ভেড়ানোর কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে মাস তিনেক আগেও তৎকালীন জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করেছি। তিনি বদলি হওয়ার পর বিষয়টি আর এগোয়নি।’ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতুর কাছে ফিরিঙ্গিবাজার এলাকায় বাঁধের ওপর ইট ও বালুর ব্যবসা করছে আরমান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মী আবদুর রহমান জানান, ‘আমরা এখানে ছয় মাস ধরে ব্যবসা করছি। কোনো সমস্যা তো হচ্ছে না। এ পর্যন্ত কেউ এসে আমাদের বলেনি যে বাঁধের ক্ষতি হচ্ছে। এই প্রথম আপনার কাছে শুনলাম।’ বাঁধের দক্ষিণাংশে লঞ্চঘাটে ইট ও বালুর ব্যবসা করছেন মেসার্স বাবর আলী এন্টারপ্রাইজের মালিক আরিফ মাহমুদ। তিনি অবশ্য ক্ষতির কথা স্বীকার করেন। লঞ্চঘাট এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, ট্রলারসহ বিভিন্ন নৌযান ঘাট থাকা সত্ত্বেও সেখানে না ভিড়িয়ে বাঁধের সঙ্গে ভেড়ানো হয়। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রেজারের বালুর পাইপগুলো নদী থেকে বাঁধের ওপর দিয়ে গ্রামের দিকে চলে গেছে। এর ফলেও বাঁধের ক্ষতি হচ্ছে। দ্রুত প্রশাসন থেকে ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত বাঁধ আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, মুন্সিগঞ্জে শহর রক্ষা বাঁধটির কার্যক্রম ২০০৫ সালে শুরু হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২৭ কিলোমিটার শহর রক্ষা বাঁধটি মুক্তারপুর সেতুর কাছ থেকে শুরু হয়ে লঞ্চঘাট, রমজানবেগ ও মুন্সিরহাট হয়ে শহর ঘুরে পুনরায় মুক্তারপুর সেতুর কাছে গিয়ে শেষ হওয়ার কথা। এ পর্যন্ত মাত্র তিন কিলোমিটার কাজ শেষ হয়েছে। এটুকু কাজ আটটি প্যাকেজে ছয়জন ঠিকাদার করেছেন। গত বছর তিন কিলোমিটার বাঁধের কাজের সমাপ্তি ঘোষণা করা হয়। এই কাজের নির্মাণব্যয় ৩৬ কোটি টাকা। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৫-০৬ অর্থবছরে সমন্বিত শহর রক্ষা প্রকল্পের (ফেস-২) আওতায় পানি উন্নয়ন বোর্ড ২৭ কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৩৬ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। এই টাকায় মাত্র তিন কিলোমিটার কাজ ২০১২ সালে এসে শেষ হয়। এরপর টাকার অভাবে কাজ আর হয়নি। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। তবে আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।’