মুন্সিগঞ্জ শহরে কাটাখালী খাল খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহরে গতকাল কাটাখালী খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা l ছবি: প্রথম আলো
মুন্সিগঞ্জ শহরে গতকাল কাটাখালী খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা l ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার কাটাখালী খাল খনন শুরু হয়েছে। জেলা প্রশাসক সায়লা ফারজানা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহরের জেলখানা সড়ক ও সার্কিট হাউস থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের অংশবিশেষ বেদখলও হয়ে আছে। জেলা প্রশাসনের উদ্যোগে খাল উদ্ধার, খনন করে পানিপ্রবাহ চালু ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ‘সবুজে সাজাই মুন্সিগঞ্জ’ নামে এ কার্যক্রম শুরু হয়েছে।
খননকাজ শুরুর আগে শহরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। পরে এটি সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। এখানে খাল খনন কর্মসূচির ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিস-উজ-জামান, মুন্সিগঞ্জ মহিলা সংস্থার সভাপতি ফরিদা আহম্মেদ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম। এই মঞ্চে জেলা প্রশাসক ‘সবুজে সাজাই মুন্সিগঞ্জ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, মুন্সিগঞ্জকে পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে হলে পরিবেশের উন্নয়ন, শহর পরিষ্কার-পরিচ্ছন্নকরণ, সবুজায়ন ও অবৈধ দখলকৃত খাল পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। সার্কিট হাউস-সংলগ্ন মুন্সিগঞ্জ জেলখানা রোড থেকে কাটাখালী পর্যন্ত ঐতিহ্যবাহী খালটি ভরাট হয়ে নর্দমা ও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, ‘সবুজে সাজাই মুন্সিগঞ্জ’ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে জেলাকে সুন্দরভাবে সাজানো হবে। খাল কাটা কর্মসূচির পরই শুরু করা হবে শহরের উপকণ্ঠ মুক্তারপুর সেতু থেকে মুন্সিগঞ্জ শহর পর্যন্ত পায়ে হাঁটা কর্মসূচি। শহরে প্রবেশের এই রাস্তা এবং আশপাশ পরিষ্কার করা হবে।