মুন্সিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার নারায়ণগঞ্জে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় অপহৃত এক শিশুকে নারায়ণগঞ্জ ২ নম্বর গেট এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সুরাইয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর নাম বায়োজিদ (৭)। সে রান্ধুনীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সোমবার দুপুরে বিদ্যালয় থেকে একই গ্রামে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় স্কুলের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার মা বিলকিস বেগম ওই দিনই টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। রাতে নারায়ণগঞ্জের র্যাব-১১-এর সহযোগিতায় পুলিশ নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেট এলাকার একটি মুঠোফোনের দোকান থেকে বায়োজিদকে উদ্ধার করে। এ সময় সুরাইয়াকে (২৮) আটক করা হয়। তাঁর কাছ থেকে ৯ লাখ ২৫ হাজার টাকা ও মুঠোফোনের দুটি সেট উদ্ধার করা হয়। সুরাইয়া নারায়ণগঞ্জের ফতুল্লার পুরানভোগ নগর গ্রামের আরমানের স্ত্রী।
টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরাইয়া এই অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল তাঁকে আদালতে তোলা হয়। আদালত আজ বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।