মুন্সিগঞ্জে আ. লীগের দু পক্ষে ফের সংঘর্ষ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ফের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় গুলিবিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার এ সংঘর্ষ হয়। উল্লেখ্য এর আগে গত সোমবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। এ ঘটনায় পরের দিন দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে।এলাকাবাসী জানায়, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা মোল্লা এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিক পক্ষের মধ্যে বিরোধের সূত্র ধরে গতকালের সংঘর্ষ হয়। তবে গতকালের ঘটনায় মোস্তফা মোল্লার সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা আজিজ মল্লিক, আতিক মল্লিক ও রিপনের লোকজন অংশ নেয়। আর শাহ আলম মল্লিকের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান ও পাশের আধারা ইউপির চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত আলী মোল্লা ও তাঁর লোকজন যোগ দেয়। জানা যায়, গতকাল দুই পক্ষ ব্যাপক গুলিবর্ষণ করে ও বোমা বিস্ফোরণ ঘটায়।গতকালের সংঘর্ষে আহত ব্যক্তিদের কমপক্ষে ২৫ জনকে গুলি ও বোমার স্প্লিন্টারবিদ্ধ অবস্থায় ঢাকায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি শহীদুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।