মুন্সিগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, বাবা জখম
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সুয়াপাড়া গ্রামে গত রোববার গভীর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফয়সাল ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ফয়সালের বাবা মকবুল হোসেন ভূঁইয়া গুরুতর জখম হন। তাঁকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত তিনটার দিকে সুয়াপাড়া গ্রামের বাড়িতে ফয়সালসহ পরিবারের লোকজন ঘুমিয়ে ছিলেন। ওই সময় চার-পাঁচজন দুর্বৃত্ত ঘরের দরজায় ঠকঠক শব্দ করে। ফয়সাল দরজা খোলামাত্রই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এ সময় তাঁর বাবা এগিয়ে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহতাবস্থায় বাবা ও ছেলেকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা ফয়সালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফয়সালের স্ত্রী টুম্পা আক্তার গতকাল সোমবার বিকেলে সদর থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ফয়সাল একটি মামলার সাক্ষী ছিলেন। ওই মামলায় আসামিরা কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পান। ধারণা করা হচ্ছে, সাক্ষ্য দেওয়ার কারণে ফয়সালকে হত্যা করা হতে পারে। এ ছাড়া অন্য কোনো কারণও হতে পারে। আশা করছি, শিগগিরই আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’