মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটী এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহ আলম মল্লিক এ জন্য মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও তাঁর লোকজনকে দায়ী করেছেন।উল্লেখ্য, মোল্লাকান্দি ইউপি নির্বাচনে শাহ আলম মল্লিক ও রিপন পাটোয়ারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের এক পক্ষ রিপন পাটোয়ারীকে সমর্থন দেয়। নির্বাচনে রিপন পাটোয়ারী জয়ী হন। এলাকায় প্রভাব বিস্তার ও নির্বাচনকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মধ্যে অনেকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।শাহ আলম বলেন, গত রোববার গভীর রাতে তাঁর মাকহাটির বসতঘরে আগুন দেওয়া হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে ঘরের জিনিসপত্র পুড়ে যায়। তাঁর অভিযোগ, রিপন পাটোয়ারী ও তাঁর লোকজন শত্রুতা করে তাঁর ঘরে আগুন দিয়েছে।অভিযোগ সম্পর্কে রিপন পাটোয়ারীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।