মুন্সিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার বিএনপির এক নেতার ঈদ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় কোলাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিন আলীর সৌজন্যে ঈদ-পরবর্তী এক সংবর্ধনা ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে আশপাশের গ্রাম থেকে বিএনপির নেতা-কর্মীরা আসতে থাকেন। এ সময় তাঁদের একটি মিছিল কোলাপাড়া বাজার থেকে আসার পথে সেখানকার এক কর্মীর সঙ্গে পাশের এক যুবলীগ নেতার ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংবর্ধনা অনুষ্ঠানের অতিথিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী অভিযোগ করেন, কোলাপাড়া বাজারে নেতা-কর্মী ও ব্যবসাপ্রতিষ্ঠানে মালিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। হামলাকারীরা তাঁদের নেতা-কর্মীদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মী আহত হন।স্থানীয় সাংসদ ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ দাবি করেন, মমিন আলীর লোকজন তাঁর দলের লিটন নামের এক নেতার ওপর হামলা করে। লিটন আহত হলে নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, দুই পক্ষকেই নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।