মুন্সিগঞ্জে আ.লীগের দুই পক্ষে গুলিবিনিময়, আহত ৫০
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষে গুলিবিনিময় হয়েছে। এ সময় বোমা ফাটানোর ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২০ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িসহ ৮-১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়।ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে প্রার্থিতা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগের এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মোল্লা এবং জেলা কমিটির সহ-সভাপতি শাহ আলম মল্লিক ইউপি নির্বাচনে নিজেদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মোস্তফা মোল্লার সঙ্গে আছেন বর্তমান চেয়ারম্যান আজিজুল হক মল্লিক। শাহ আলমকে সমর্থন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুই পক্ষের কয়েক শ সমর্থক অস্ত্র ও বোমা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিনিময় হয় এবং এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে বোমা ফাটায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জামিলা খাতুন (২৫), ইকবাল (৩০), আহমেদ সৈয়াল (৫৬), সলিম দেওয়ান (২৫), বাবু (২৮), সুরাইয়া (৩৫), সুমন (২৫), ঝর্ণা (৩০), জসিম (২৮), রেহান আলী (২৬), জসিম (২৮), মুক্তারসহ (৩০) অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।সূত্র জানায়, বেশির ভাগ লোকই বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নেয়। হামলাকারীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান, কল্পনা আক্তার ও জমিলের বাড়িসহ ৮-১০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।শাহ আলম অভিযোগ করেন, মোস্তফা ও আজিজের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। তাঁর পক্ষের কয়েকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। তবে মোস্তফা দাবি করেন, আসন্ন ইউপি নির্বাচনে এলাকায় প্রভাব বিস্তারের জন্য শাহ আলম ও ফরহাদের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। শাহ আলম ও ফরহাদ অনেক দিন ধরেই লোকজন নিয়ে এলাকায় শোডাউন করছেন, যাতে আগামী নির্বাচনে অন্য কেউ তাঁদের বিরুদ্ধে প্রার্থী না হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করতে থানায় আসেনি। পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।