মুন্সিগঞ্জে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাতটি তাজা ককটেল।এলাকাবাসী সূত্র জানায়, মোল্লাকান্দি ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা মোল্লা ও রিপন পাটোয়ারীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে মাকহাটি ও চরডুমুরিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় গুলি ছোড়ার শব্দ শোনা যায়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। সংঘর্ষ ইউনিয়নের চরডুমুরিয়া, আমঘাটা, মাকহাটি, রাজারচর, কংশপুরা, আনন্দপুর গ্রামে ছড়িয়ে পড়ে।পুলিশ মাকহাটি থেকে আলমগীর শিকদার নামের এক ব্যক্তিকে একটি শটগান ও দুটি গুলিসহ আটক করেছে। আলমগীর রিপন পাটোয়ারীর পক্ষের লোক বলে জানা গেছে। এর আগে দুপুর ১২টার দিকে চরডুমুরিয়া থেকে শের আলী নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়।সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অলু, শরীফ, রুবেল, সায়েম, পারভেজ, আমির, মুক্তার, জহিরুল ইসলাম, হাসিনা, সালেহা ও লুৎফন। আহত বাকিদের নাম জানা যায়নি। সূত্র জানায়, সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।মাকহাটি গ্রামের রমজান আলী বলেন, মোল্লাকান্দিতে মারামারি এখন যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। গত দুই বছরে এখানে অন্তত ৫০ বার সংঘর্ষ হয়েছে।আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে এলাকাবাসী সূত্র জানিয়েছে।জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, রিপন পাটোয়ারী, মোস্তফা মোল্লা ও আজিজ মল্লিকের লোকজন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, এই সংঘর্ষের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।রিপন পাটোয়ারী বলেন, শটগানসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে তিনি চেনেন না। সংঘর্ষে তাঁর পক্ষের লোকজনের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শাহ আলম ও ফরহাদ খানের লোকজনই এসব ঘটনা ঘটিয়ে চলেছে।সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, মোল্লাকান্দিতে প্রতিটি সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়, গ্রেপ্তারও হয়। পুলিশের অভিযানের কারণে কয়েক দিন পরিস্থিতি ঠান্ডা থাকে। পরে আবার শুরু হয় মারামারি।