মুন্সিগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিক ও দলের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের সভাপতি মোস্তফা মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগে দুই পক্ষে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় শাহ আলম মল্লিক-সমর্থিত কর্মীরা গ্রাম থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন জানান, মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শাহ আলম মল্লিক-সমর্থিত কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে গ্রামে ফিরতে গেলে এতে বাধা দেন মোস্তফা মোল্লার লোকজন। এ নিয়ে চরডুমরিয়া গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় বোমাবাজির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে সুফিয়ান (২৫) ও শাকিলকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বপন (২৫), রাসেল (২৩), রুবেল (২৪), হোসেন (২৬), নীরব (২২), মাসুদ (২৮), বাদল (৩০), রানা (৩৫), সাইফুল (২৮), ময়না (২৫), কাজল (২৪), মঈন (২৭) ও কাননকে (৩৪) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলসহ ছয়জনকে আটক করেছে। এরা হলেন সোহাগ (১৮), বরকত উল্লাহ (৪৫), শাহজাহান (৬৫), মালেক (৩০), জসিম (৩৫) ও সাজ্জাদ (২৫)। এ ব্যাপারে কথা বলার জন্য উভয় পক্ষের লোকজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।