মুন্সিগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবিনিময় ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত ইউপি নির্বাচনের বিরোধ, আধিপত্য বিস্তারের জের ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহাসিনা হক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে গ্রামবাসী জানিয়েছেন। এদিকে গ্রেপ্তার এড়াতে গুলিবিদ্ধসহ আহত ব্যক্তিদের ঢাকার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দুই পক্ষের লোকজন জানান।
স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, সোমবার মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খার ছোট ভাই কামাল ও আশ্রাফকে চরডুমুরিয়া বাজারে রিপন পাটোয়ারীর লোকজন মারধর করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সোমবার রাত নয়টা থেকে একটা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। শতাধিক ককটেল বিস্ফোরিত হয়। গতকাল দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। সংঘর্ষে চরডুমুরিয়া থেকে শুরু করে আমঘাটা, কংসুপরা রাজার চর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় গুলিবিনিময়, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া রিপন পাটোয়ারীর বাড়িঘর ভাঙচুর করা হয়।
মহাসিনা হক বলেন, ‘রিপন পাটোয়ারীর লোক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার সোমবার আমাদের লোকদের মেরেছে। গতকাল তারা আবার আমাদের লোকদের ওপর গুলি করে। শত শত ককটেল ফাটিয়েছে তারা। আমার ছেলেদের ওপর গুলি করে ১০ জনকে আহত করা হয়।’ রিপন পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।