মুন্সিগঞ্জে আ.লীগের প্রচারে দাপট, বিএনপির আশা 'নীরব বিপ্লবের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

মুন্সিগঞ্জের শহর-পাড়া-মহল্লা ছেয়ে গেছে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ফয়সালের নির্বাচনী পোস্টার ও ব্যানারে। দিনভর চলছে মাইকযোগে প্রচার। সকাল থেকে রাত অবধি বাড়ি বাড়ি জনসংযোগও করছেন ফয়সাল। কিন্তু তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র এ কে এম ইরাদতের কোনো পোস্টার-ব্যানার গোটা পৌর এলাকায় খুঁজে পাওয়া কঠিন। নেই কোনো মাইকিংও। মাঝে মাঝে কেবল জনসংযোগে নামছেন পুলিশ প্রহরায়। তবে নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘নীরব ভোটবিপ্লব’ হবে বলে আশা করছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের অভিযোগ, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, মেয়র পদপ্রার্থী ইরাদতসহ নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন। ক্ষমতাসীন দলের লোকজন শুরু থেকেই বিএনপির প্রচারকাজে বাধা দিচ্ছেন এবং নানা হুমকি দিয়েছেন। প্রতিপক্ষের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছেন আওয়ামী লীগের লোকজন। এসব কারণেই বিএনপির নেতা-কর্মীরা প্রচার চালাতে পারছেন না। কিন্তু ভোটের মাঠ থেকে দলটি সরে যাবে না।
হাটলক্ষ্মীগঞ্জ এলাকার রিকশাচালক আবদুর রহমান বলেন, ‘রিকশা চালাইয়া যেহানে যাই দেখি নৌকা মার্কার প্রার্থীর পোস্টার। কিন্তু ধানের শীষের কোনো পোস্টার দেহি না। মোবাইল (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম) মার্কার পোস্টার কিছু কিছু দেহা যায়। হুনতাছি বিএনপিরে প্রচার-প্রচারণা করতে দিতাছে না।’
স্থানীয় সূত্র জানায়, ফয়সালের পক্ষে তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, চাচা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছেন। আর বিএনপির প্রার্থীর পক্ষে ১০ ডিসেম্বর দলটির জেলা শাখার সভাপতিসহ নেতা-কর্মীরা শহরে প্রচার শুরু করলে আওয়ামী লীগ বাধা দেয়। এরপর থেকে বিএনপি প্রকাশ্যে কোনো প্রচার চালাচ্ছে না।
বিএনপির প্রার্থী এ কে এম ইরাদত প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমার পক্ষে প্রচারণায় নামলেই সরকারি দলের প্রার্থীর পক্ষের লোকজন হামলা করছে এবং নানাভাবে বাধা দিচ্ছে। পোস্টার লাগানোর সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলা হচ্ছে। গত দুই দিন পুলিশি প্রহরায় আমাকে মানিকপুর ও শহরের কয়েকটি স্থানে জনসংযোগ করতে হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না।’
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী বুঝে গেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে তাঁদের কোনো পাত্তাই থাকবে না। তাই তাঁরা বিএনপির প্রার্থীর প্রচারে নানাভাবে বাধা দিচ্ছেন।
তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বলেন, বিএনপিকে প্রচারণায় কোনো বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তারা অপপ্রচার চালাচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম বলেন, ‘আমরা আচরণবিধির ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছি। নির্বাচনী প্রচারকাজে বাধাসহ হুমকি-ধমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষে যে অভিযোগ করা হয়েছে, তার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নিতে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে বলা হয়েছে।’
আওয়ামী লীগের পথের কাঁটা হতে পারেন বিদ্রোহী প্রার্থী: মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলামও ব্যাপক প্রচার চালাচ্ছেন। তাঁর নির্বাচনী পোস্টার-ব্যানারে শহর ছেয়ে গেছে। রেজাউলের পক্ষে প্রচারে আছেন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের অনুসারীরা। তবে মৃণাল প্রথম আলোকে মুঠোফোনে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে এবং থাকবে।
আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের একাধিক কর্মী-সমর্থক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী ফয়সালের জন্য পথের কাঁটা হতে পারেন রেজাউল। তাঁর প্রার্থিতার কারণে বিএনপি বাড়তি সুবিধা পেতে পারে।
রেজাউল ইসলাম বলেন, ‘আমার প্রার্থিতা বাতিল করার জন্য নানা ষড়যন্ত্র ছিল। প্রার্থিতা ফিরে পেয়েছি। ভোটের মাধ্যমে সেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।’
মেয়র পদে আরেকজন প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হয়েছেন মো. মহিউদ্দিন ব্যাপারী (হাতপাখা প্রতীক)। কিন্তু তাঁর পক্ষে কোনো প্রচার কার্যক্রম চোখে পড়ছে না।