মুন্সিগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী দুই দিনের রিমান্ডে
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফাকে গতকাল বুধবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আসন্ন ইউপি নির্বাচন ঘিরে এক সংঘর্ষের ঘটনায় করা মামলা এবং তখন পরিত্যক্ত একটি অস্ত্র উদ্ধারের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোলাম মোস্তফাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারিক হাকিম উমা রাণী তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১২ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নে ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার ও বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২০ জন আহত হন। এ ঘটনায় পরের দিন থানায় পাল্টাপাল্টি মামলা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ আরও একটি মামলা করে।
আগামী ৭ মে পঞ্চসার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।