মুন্সিগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের আইনজীবী কাজী ওবায়দুল ইসলামকে (৪৫) হত্যার প্রতিবাদে এবং খুনিকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে তাঁর সহকর্মীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ওই কর্মসূচিতে দল-মতনির্বিশেষে প্রায় সব আইনজীবী অংশ নেন।
সকাল ১০টায় মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন সড়ক ও আদালত চত্বর হয়ে পুনরায় সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিল। সেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম নাসিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়।
বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান মিয়া, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. তোতা মিয়া, শ ম হাবিবুর রহমান ও এমারত হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রোজিনা ইয়াসমিন, সহকারী পাবলিক প্রসিকিউটর মনিরুজ্জামান ও নাসিমা আক্তার, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নান প্রমুখ।
বক্তারা সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ওবায়দুল ইসলামের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান। ব্যর্থ হলে আইনজীবীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ার করে দেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ থেকে কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় বোনের বাড়ি যাওয়ার পথে ওবায়দুল নিখোঁজ হন। পরদিন সিলেট রেলস্টেশনে তাঁর লাশ পাওয়া যায়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ: ওবায়দুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় হত্যাকাণ্ডের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে খুনিকে গ্রেপ্তারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান আইনজীবী সমিতির সভাপতি এ কে এম নাসিরুজ্জামান ও আইনজীবী অজয় চক্রবর্তী।
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে সভায় স্থানীয় আওয়ামী লীগের সাংসদ মৃণাল কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।